দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই ব্রহ্মস মিসাইলের তথ্য আইএসআইয়ের হাতে পাচার করার অভিযোগে নাগপুর থেকে গ্রেফতার করা হয়েছিল ডিআরডিও কর্মী নিশান্ত আগরওয়ালকে। এ বার গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় সেনার এক জওয়ানকে গ্রেফতার করা হয়েছে বলে সেনা সূত্রে খবর।
সেনা সূত্রে খবর, বুধবার ওই জওয়ানকে মেরঠ ক্যান্টনমেন্ট থেকে গ্রেফতার করা হয়৷ অভিযোগ, সেখান থেকে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য পাচার করত সে৷ এখনও পর্যন্ত সেই জওয়ানের নাম পরিচয় প্রকাশ্যে আনা হয়নি৷ তবে জানা গেছে, ধৃত জওয়ান আর্মি সিগন্যাল রেজিমেন্টের সঙ্গে যুক্ত৷ তাঁকে গ্রেফতারের পর এখন জেরা করা হচ্ছে৷ জানার চেষ্টা চলছে আরও কেউ এই চরবৃত্তির ঘটনার সঙ্গে জড়িত কিনা৷
https://twitter.com/ANINewsUP/status/1052426173492461568?s=19
কয়েকদিন আগে নিশান্তের গ্রেফতারের পর তাঁকে জেরা করে বেশ কিছু তথ্য পেয়েছিলেন তদন্তকারীরা। সেই তথ্য ধরেই এ দিন এই জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই ধরণের ঘটনা সামনে আসার পর রীতিমতো চিন্তিত সেনার উচ্চপদস্থ কর্তারা। তাঁদের বক্তব্য, এ ভাবে সেনাবাহিনীতে গুপ্তচর বাড়তে থাকলে তা দেশের পক্ষে ক্ষতিকর। এই পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক বলেই তাঁদের মত।