করোনায় আক্রান্ত অনুপম খেরের মা, অভিনেতার রিপোর্ট এসেছে নেগেটিভ
দ্য ওয়াল ব্যুরো: করোনায় আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের মা। রবিবার সকালে টুইট করে অভিনেতা জানিয়েছেন, তাঁর মা দুলারিদেবীর সোয়াব টেস্টের রিপোর্ট এসেছে পজিটিভ। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এ ছাড়াও করোনায় আক
শেষ আপডেট: 12 July 2020 05:28
দ্য ওয়াল ব্যুরো: করোনায় আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের মা। রবিবার সকালে টুইট করে অভিনেতা জানিয়েছেন, তাঁর মা দুলারিদেবীর সোয়াব টেস্টের রিপোর্ট এসেছে পজিটিভ। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এ ছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন অনুপম খেরের ভাই, তাঁর স্ত্রী এবং ভাইঝিও। যথেষ্ট সতর্কতা অবলম্বনের পরেও তাঁদের করোনা হয়েছে বলে জানিয়েছেন অনুপম খের। তবে সকলেরই মৃদু উপসর্গ রয়েছে বলে জানিয়েছেন অভিনেতা।
পরিবারের চার সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় অনুপম নিজেরও কোভিড টেস্ট করিয়েছিলেন। তবে তাঁর রিপোর্ট এসেছে নেগেটিভ।
রবিবার সকালে টুইটারে একটি ভিডিও শেয়ার করে অনুপম বলেন, "বেশ কয়েকদিন ধরে আমার মায়ের খিদে হচ্ছিল না। ডাক্তার দেখানো হয়। মায়ের রক্ত পরীক্ষা করে সব রিপোর্ট স্বাভাবিক ছিল। এরপর চিকিৎসকের পরামর্শে মায়ের সিটি স্ক্যান করানো হয়। এরপর মায়ের কোভিড পজিটিভ রিপোর্ট আসে। আমি আর আমার ভাই রাজুও টেস্ট করাই। রাজুর স্ত্রী এবং ছেলেমেয়েরও টেস্ট করানো হয়েছে। আমার এবং ভাইপোর রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে ভাই, তাঁর স্ত্রী এবং ভাইঝির পজিটিভ রিপোর্ট এসেছে।"
অনুপম জানিয়েছেন, তাঁর ভাই সপরিবার হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। বিএমসি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের টিম ইতিমধ্যেই অনুপম খেরের ভাইয়ের বাড়ি স্যানিটাইজ করতে গিয়েছে। এর পাশাপাশি কোকিলাবেন হাসপাতালের ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মী ও বিএমসি কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেছেন অনুপম খের।
https://twitter.com/AnupamPKher/status/1282181222467162118
গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যায় কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনেরও। বাবা-ছেলে দু'জনেই ভর্তি রয়েছেন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে। রবিবার সকালে হাসপাতালের তরফে জানানো হয়েছে অমিতাভের অবস্থা স্থিতিশীল। সামান্য উপসর্গ ছাড়া আর কোনও সমস্যা নেই বিগ বি'র শরীরে। অভিষেকের ক্ষেত্রেও মৃদু উপসর্গই রয়েছে।
অমিতাভ এবং অভিষেক করোনায় আক্রান্ত হওয়ার পর বচ্চন পরিবারের বাকি সদস্য এবং কর্মীদেরও কোভিড টেস্ট করানো হয়েছে। জয়া বচ্চন, ঐশ্বর্য এবং আরাধ্যা সকলেরই রিপোর্ট এসেছে নেগেটিভ। কর্মীদের মধ্যেও কারও রিপোর্ট পজিটিভ আসেনি বলেই জানা গিয়েছে। নানাবতী হাসপাতাল থেকে ইনস্টাগ্রামে একটি ছবিও শেয়ার করেছেন বিগ বি।
গতকাল রাতে টুইট করে অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। ভর্তি হয়েছেন নানাবতী হাসপাতালে। বিগ বি বলেন পরিবারের বাকি সদস্য এবং কর্মীদের কোভিড টেস্ট করানো হচ্ছে। পাশাপাশি তিনি এও বলেন যে গত দশ দিন যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা যেন অতি অবশ্যই টেস্ট করিয়ে নেন।
এর কিছুক্ষণ পরেই টুইট করেন অভিষেক। জুনিয়র বচ্চন জানান, বাবার মতো তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন এবং ভর্তি হয়েছেন নানাবতী হাসপাতালে। তাঁদের দু’জনেরই মাইল্ড সিম্পটমস অর্থাৎ সামান্য উপসর্গ রয়েছে বলেও জানান অভিষেক। সেই সঙ্গে সকলের উদ্দেশে বলেন কেউ যেন অযথা আতঙ্কিত না হয়ে পড়েন।
অন্যদিকে গতকাল অভিনেত্রী রেখার বান্দ্রার বাংলো সিল করে দিয়েছে গ্রেটার মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। তাঁর বাড়ির এক নিরাপত্তারক্ষী কোভিডে আক্রান্ত হয়েছেন বলে খবর। জানা গিয়েছে, রেখার ওই বাংলোর দায়িত্বে দু’জন নিরাপত্তারক্ষী রয়েছেন। তাঁদেরই এক জন কোভিড আক্রান্ত। বৃহন্মুম্বই পুরসভা বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডের কাছে রেখার বাংলোটিকে কনটেইনমেন্ট জোনের আওতায় নিয়ে এসেছে।