'মুছ হো তো অ্যায়সা', সাহসিকতার পাশাপাশি অভিনন্দনের গোঁফেও মজেছে ভারত
দ্য ওয়াল ব্যুরো: বলিউড নায়কদের অনুকরণ করে চুল-দাড়ি কাটার ট্রেন্ড তো বহুদিন থেকেই চালু রয়েছে। তবে হালফিলে এই তালিকায় যুক্ত হয়েছে এক নতুন হিরোর নাম। গোটা ভারত একডাকে চেনে তাঁকে। তিনি ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান।
৬০ ঘণ্টা
শেষ আপডেট: 3 March 2019 12:31
দ্য ওয়াল ব্যুরো: বলিউড নায়কদের অনুকরণ করে চুল-দাড়ি কাটার ট্রেন্ড তো বহুদিন থেকেই চালু রয়েছে। তবে হালফিলে এই তালিকায় যুক্ত হয়েছে এক নতুন হিরোর নাম। গোটা ভারত একডাকে চেনে তাঁকে। তিনি ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান।
৬০ ঘণ্টা পাক রেঞ্জার্সের হাতে আটক থাকার পর দেশে ফিরেছেন অভিনন্দন। ফুলের মালা, ঢাকের তালে ওয়াঘা সীমান্তেই কম্যান্ডারকে অভিবাদন জানিয়েছে গোটা দেশ। আর সবকিছুর মধ্যেই বারবার নজর কেড়েছে অভিনন্দনের পুরুষ্ট গোঁফ। ইতিমধ্যেই দেশের তরুণ প্রজন্মের কাছে স্টাইল আইকন বনে গিয়েছেন বায়ুসেনার এই কম্যান্ডার। সকলের একটাই মত, "যে সাহসিকতার পরিচয় পাইলট দিয়েছেন, উনিই আমাদের আসল হিরো।" তাই এই হিরোর আদলেই এখন গোঁফ রাখতে শুরু করেছেন অনেকে।
অভিনন্দন বর্তমান দেশে ফেরার পর তাঁকে একদম অন্যরকমের অভ্যর্থনা জানিয়েছে ডেয়ারি প্রোডাক্টের একচ্ছত্র অধিপতি 'আমূল'। সম্প্রতি অভিনন্দনকে অভিবাদন জানিয়ে টুইট করেছে আমূল কর্তৃপক্ষ। সেখানেও জায়গা পেয়েছে কম্যান্ডারের এই পুরুষ্ট গোঁফ। ভিডিওর প্রথমে দেখা গিয়েছে নিজের পূর্বপুরুষদের ছবি দেখে তাঁদের অনুকরণেই তা দিয়ে গোঁফ সজ্জায় মগ্ন রয়েছেন এক রাজা। এরপর একে একে বিভিন্ন সিনে এসেছেন সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ। যারা সকলেই অভিনন্দনের গোঁফের স্টাইলের ভক্ত। সবশেষে দেখা যাবে একটি ছোট্ট মেয়েকে। চোঁ চোঁ করে দুধের গ্লাস শেষ করেই ক্যামেরার দিকে তাকাবে সে। আর বাচ্চা মেয়েটির পোজে নজর কাড়বে তার ঠোঁটের উপর তৈরি হওয়া দুধের পুরু গোঁফ।

আমূলের তৈরি করা এই ভিডিওর মূল মন্ত্র হলো 'মুছ নেহি তো কুছ নেই'। অর্থাৎ 'গোঁফ নেই তো কিছুই নেই।' সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ভিডিও। সমাজের কৃতীদের স্বীকৃতি দেওয়ার এই নজর এর আগেও দেখিয়েছে 'আমূল'। তবে এ বার অভিনন্দনের অভর্থ্যনায় তাদের বানানো এই ভিডিও মন জয় করেছে সকলের।
দক্ষিণ ভারতের বাসিন্দা উইং কম্যান্ডার অভিনন্দন। তাই তাঁর স্টাইল স্টেটমেন্ট নিয়ে বাকি দেশের তুলনায় দক্ষিণে উন্মাদনা একটু বেশিই। বেঙ্গালুরুর বিভিন্ন সেলুনে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন শহরের তরুণ থেকে যুবক সকলেই। লক্ষ্য একটাই। গোঁফ এ বার 'অভিনন্দন স্টাইল'-এই রাখতে হবে। এই গোঁফের স্টাইলের পোশাকি নাম gunslinger moustache। বেজায় খুশি সেলুন মালিকরাও। বাড়তি লাভের পাশাপাশি তাঁরা বলছেন, "সত্যিই একজন আসল হিরোর স্টাইল বাকিদের মধ্যে ফুটিয়ে তুলতে পেরে আমরা ধন্য।"
https://twitter.com/Amul_Coop/status/1101834202423672833