সেতুর উপর নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নদীতে পড়ল বাস, মৃত ৯, আহত ৫১
দ্য ওয়াল ব্যুরো : নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর উপর থেকে নদীতে পড়ে গেল বাস। এই দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। ৫১ জন আহত হয়েছেন বলে খবর।
দুর্ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের খাদরি গ্রামে। পুলিশ সূত্রে খবর, একটি বেসরকারি বাস রেণুকাজি থেকে নাহান যাচ্ছিল
শেষ আপডেট: 26 November 2018 02:53
দ্য ওয়াল ব্যুরো : নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর উপর থেকে নদীতে পড়ে গেল বাস। এই দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। ৫১ জন আহত হয়েছেন বলে খবর।
দুর্ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের খাদরি গ্রামে। পুলিশ সূত্রে খবর, একটি বেসরকারি বাস রেণুকাজি থেকে নাহান যাচ্ছিল। সেই সময় সিমলা থেকে ১৬৮ কিলোমিটার দক্ষিণে রেণুকা-দাদাহু-নাহান রোডের উপর জালাল সেতু থেকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে পড়ে ৪০ ফুট নীচে জালাল নদীতে। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল সাড়ে ৪ টে নাগাদ।
সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশ। ঘটনাস্থলেই ৩ মহিলা সহ চার জনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। পরে হাসপাতালে আরও ৫ জনের মৃত্যু হয় বলে জানা গেছে। এই দুর্ঘটনায় বাসের আরও ৫১ জন যাত্রী আহত হয়েছেন বলে খবর। আহতদের নাহান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে দু'জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের নাম হলো সত্য রাম ( ৫৯ ) ও তাঁর স্ত্রী ভাগ্যন্তী দেবী ( ৫২ )। তাঁরা নাহান জেলার জাইটাক গ্রামের বাসিন্দা।
পুলিশের প্রাথমিক অনুমান, বাস চালকের দোষেই এই দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সেতুতে ওঠার পরেও খুব জোরে চলছিল বাস। আর তাই নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। সোজা সেতুর রেলিং ভেঙে ৪০ ফুট নীচে নদীতে গিয়ে পড়ে বাস।
সিরমাওর ডেপুটি কমিশনার ললিত জৈন বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তকারী দলকে ২০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। হিমাচল প্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃতদের পরিবারকে ২০ হাজার টাকা ও আহতদের পরিবারকে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়াও তাঁদের চিকিৎসা নিখরচায় হবে বলেও জানানো হয়েছে সরকারের তরফে।
রবিবারই হিমাচল প্রদেশের সোলান জেলায় দিল্লি থেকে আসা একটি বাস খাদে পড়ে যায়। তবে এই ঘটনায় কেউ মারা যাননি। ২১ জন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।