দ্য ওয়াল ব্যুরো: দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ বিমানে মালয়েশিয়া পাড়ি দেওয়ার সময় হাতেনাতে ৮ মালয়েেশীয়কে পাকড়াও করেছে পুলিশ। দিল্লি পুলিশ সূত্রে খবর, নিজামুদ্দিনে তবলিঘ-ই-জামাতের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এই আটজন। হন্যে হয়ে তাঁদের খুঁজছিল পুলিশ। অথচ সবার চোখকে ফাঁকি দিয়ে মালয়েশিয়া পাড়ি দেওয়ার বন্দোবস্ত করে ফেলেছিলেন তাঁরা।
জানা গিয়েছে, আপাতত এই আটজনের সমস্ত পরীক্ষা-নিরীক্ষা এবং থার্মাল স্ক্রিনিং হবে। তারপর তাঁদের পাঠানো হবে কোয়ারেন্টাইনে। সারা দেশেই নিজামুদ্দিনের সঙ্গে যোগ রয়েছে এমন লোকেদের খোঁজে তল্লাশি চলছে। সেই অবস্থায় কীভাবে এই ৮ জন সকলের নজর এড়িয়ে লুকিয়ে ছিলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। পুলিশের অনুমান এই আটজন আলাদা আলাদা জায়গায় গা-ঢাকা দিয়েছিলেন। তাই নজর এড়িয়ে গেছেন।
প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সারা দেশজুড়ে ২১ দিনের জন্য চলছে লকডাউন। গত ২২ মার্চ থেকে বন্ধ রয়েছে সমস্ত আন্তর্জাতিক বিমান ওঠানামা। ভারতে আটকে পড়া বিদেশি নাগরিকদের ফেরাতে বিশেষ বিমান পাঠাচ্ছে বিভিন্ন দেশের সরকার। রবিবার তেমনই একটি বিমান পাঠিয়েছিল মালয়েশিয়া। আর তাতে চড়েই পালানোর প্ল্যান করেছিলেন এই আটজন।
ইতিমধ্যেই তবলিঘ-ই-জামাতে যোগ দেওয়ার জন্য ৯৬০ জন বিদেশি নাগরিককে ব্ল্যাক লিস্টেড করেছে ভারত সরকার। ট্যুরিস্ট ভিসায় ভারতে এসে এই জমায়েতে ভিড় করার জন্য তাঁদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলাও রুজু হয়েছে। তবলিঘ-ই-জামাতে যোগ দেওয়া সকলকে খুঁজে বের করতে এবার মোবাইলের কল ডিটেলস ও টাওয়ার লোকেশন খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। সেই সংক্রান্ত তথ্য বিমাবন্দরেও পাঠানো হয়েছিল। আর সেই সূত্র ধরেই এই আট মালয়েশীয় নাগরিককে পাকড়াও করা সম্ভব হয়েছে।
ভারতে ইতিমধ্যেই ১০টি করোনাভাইরাস হটস্পট চিহ্নিত করেছে সরকার। তার মধ্যে একটি অতি অবশ্যই দক্ষিণ দিল্লির নিজামুদ্দিন। করোনা সংক্রান্ত সরকারের সমস্ত নিয়মবিধি লঙ্ঘন করে এখানেই জমায়েত করেছিলেন অসংখ্য লোক। তারপরেই ছড়িয়ে পড়ে সংক্রমণ। সবচেয়ে সমস্যার এটাই যে এখানে জমায়েতে যোগ দেওয়া লোকেরা এখন প্রায় সারা দেশের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে। তাঁদের সংস্পর্শে এসেছেন আরও অনেক লোক। ফলে সকলকে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া খুবই জটিল একটা কাজ। যদিও একটা বড় অংশের লোককে ইতিমধ্যেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকিদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।