দ্য ওয়াল ব্যুরো: ঘন কুয়াশার চাদরে ঢেকেছে দিল্লি। সংলগ্ন এলাকাতেও অবস্থা একই। এর মধ্যেই পাওয়া গিয়েছে এক দুর্ঘটনার খবর। রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ গ্রেটার নয়ডার কাছে খালে পড়ে যায় একটি গাড়ি। ওই গাড়িতে ছিলেন মোট ১১ জন যাত্রী। তাঁদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে ২ জন নাবালকও। পুলিশ সূত্রে খবর এঁরা সকলেই সম্বল জেলার বাসিন্দা। দিল্লি আসার পথে ঘটেছে দুর্ঘটনা।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘন কুয়াশার কারণেই ঘটেছে দুর্ঘটনা। সম্ভবত দৃশ্যমানতা কমে যাওয়ায় রাস্তার পাশে যে গভীর খাল রয়েছে সেটা বুঝতে পারেননি গাড়ির চালক। ফলে আচমকাই ঘটে বিপত্তি। চাকা স্কিড করে সটান খালে গিয়ে পড়ে গাড়িটি। ১১ জনের মধ্যে মৃত্যু হয়েছে ৬ জনের। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বাকি ৫ জন।
পুলিশ জানিয়েছে, গ্রেটার নয়ডার দানকৌর এলাকায় খেরলি খালে পড়ে গিয়েছিল ওই গাড়ি। স্থানীয়রাই প্রথম দেখতে পেয়েও পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে এসে ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুওইশ। এরপর হাসপাতালেই ৬ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ভালোই চোট পেয়েছেন বাকি ৫ জন। চিকিৎসা চলছে তাঁদের। পুলিশ জানিয়েছে এই দুর্ঘটনায় মারা গিয়েছেন মহেশ (৩৫), কিষাণ লাল (৫০), নীরেশ (১৭), রাম খিলাড়ি (৭৫), মাল্লু (১২) এবং নেত্রপাল (৪০)। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে কুয়াশার জেরে দিল্লিতে দেরিতে চলছে ট্রেন। রেলের তরফে খবর, ইতিমধ্যেই প্রায় ৩০টি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলছে। উড়ান বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। পাশাপাশি দেরিতে উড়েছে বেশ কিছু বিমান। কুয়াশার পরিমাণ বৃদ্ধির সঙ্গে ক্রমশ খারাপ হচ্ছে দিল্লির বাতাসের গুণমান। দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ফের পৌঁছে গিয়েছে ‘সিভিয়ার’ ক্যাটেগরিতে। পাশাপাশি ঘন কুয়াশার ফলে সোমবার সকাল থেকেই যাতায়াতে চরম অসুবিধের মধ্যে পড়েছেন দিল্লিবাসী। সাতসকালেই গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করছেন সাধারণ মানুষ। বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ৪৮ ঘণ্টা এই তীব্র ঠান্ডার পরিবেশই থাকবে সমগ্র উত্তর ভারতে।