মুম্বইতে সুইমিং পুলে ডুবে মৃত্যু শিশুর, লাইফগার্ড না থাকার অভিযোগ পরিবারের
দ্য ওয়াল ব্যুরো: সুইমিং পুলে ডুবে মৃত্যু হয়েছে পাঁচ বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের কমপ্লেক্সে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে তিনটে নাগাদ সাঁতারের ক্লাসে গিয়েছিল বছর পাঁচেকের অনুষ্কা কুমার। বড়দের সাঁতার
শেষ আপডেট: 28 October 2018 09:52
দ্য ওয়াল ব্যুরো: সুইমিং পুলে ডুবে মৃত্যু হয়েছে পাঁচ বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের কমপ্লেক্সে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে তিনটে নাগাদ সাঁতারের ক্লাসে গিয়েছিল বছর পাঁচেকের অনুষ্কা কুমার। বড়দের সাঁতার কাটার পুলেই সেদিন চলছিল ক্লাস। পুলিশ জানিয়েছে ওই পুলের গভীরতা ছিল প্রায় সাড়ে চার ফুট। বিকেল চারটে নাগাদ দেখা যায় পুলের মধ্যেই অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে অনুষ্কা। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে বাচ্চাটির।
দুর্ঘটনার ফলে মৃত্যুর পাশাপাশি এই ঘটনায় অবহেলার অভিযোগেও মামলা দায়ের করেছে ট্রম্বে পুলিশ। বাচ্চাটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে তারা। জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই সুইমিং ইন্সট্রাক্টরকে আটক করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০৪(২) ধারায় মামলাও রুজু করেছে তারা।
অনুষ্কার বাবা নীরজ কুমার ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে সাইন্টিফিক অফিসার পদে নিযুক্ত। তিনি জানিয়েছেন, সাঁতার শেখানোর জন্য দু’জন প্রশিক্ষক থাকেন। তাঁদের মধ্যে একজন মহিলা প্রশিক্ষকও থাকেন। নীরজ জানিয়েছেন, তাঁর বড় মেয়েও (১২) ওই সুইমিং পুলেই সাঁতার শিখতে যায়। কমপ্লেক্সের আর ১০-১৫ জন বাচ্চাও সেদিন ঘটনার সময়েই উপস্থিত ছিল। শুধু যাঁদের সবচেয়ে বেশি করে ওখানে থাকার কথা ছিল তাঁরাই ছিল না। ঘটনার সময় কোনও লাইফগার্ড সুইমিং পুলের কাছে ছিলেন না বলে অভিযোগ করেছেন নীরজ কুমার। তিনি জানিয়েছেন, ঘটনার পর সব নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে আসেন।