দ্য ওয়াল ব্যুরো: ফের উত্তপ্ত উপত্যকা। সীমান্তে চলল গুলি। জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার কাছে নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম হয়েছে ৫ জঙ্গি। সেনা সূত্রে খবর, বারামুলা জেলার কাছে সীমান্তরেখা বরাবর অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল বেশ কয়েকজন জঙ্গি। সেনাবাহিনীর কাছে আগেই এই খবর ছিল। সেই মতোই তৈরি ছিল নিরাপত্তারক্ষীরা।
সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, শুক্রবার ভোরের দিকে বনিয়ার এলাকায় তুর্না সেক্টর বরাবর সীমান্ত রেখা দিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল জঙ্গিরা। নিরাপত্তারক্ষীদের নজরে পড়ে যায় তারা। শুরু হয় গুলির লড়াই। জঙ্গিদের আক্রমণের যোগ্য জবাব দেয় সেনাবাহিনী। নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম হয়েছে তিন জঙ্গি। যদিও এই জঙ্গিরা কোন সংগঠনের সঙ্গে যুক্ত, কী তাদের পরিচয় কিছু জানা যায়নি বলেই জানিয়েছে সেনাবাহিনী।
এ দিকে বুধবার ভারতীয় সেনার হাতে খতম হয়েছিল তিন জঙ্গি। বৃহস্পতিবারও পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের যৌথ অভিযানে খতম হয়েছিল আরও এক জঙ্গি। সেনা সূত্রে খবর, নিহত এই জঙ্গি পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-উল- মুজাহিদ্দিনের সদস্য। বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামাতে সেনার সঙ্গে গুলি বিনিময়ে খতম হয় সে৷ এ ছাড়াও ফতেহ কাদাল এলাকায় তল্লাশি অভিযানের সময় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ যায় এক পুলিশকর্মীর৷ প্যারামিলিটারি ফোর্সের দুই আধিকারিকও আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানে নামার পর জঙ্গিরা জঙ্গলের ভিতর থেকে গুলি করতে শুরু করে৷ প্রত্যুত্তর দেয় পুলিশও৷ সেই সংঘর্ষেই নিহত হন এক পুলিশ আধিকারিক৷