যৌন হেনস্থার প্রতিবাদ, বাড়িতে ঢুকে গুলি করে কিশোরীকে খুনের অভিযোগ উত্তরপ্রদেশের ফিরোজাবাদে
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে ১৬ বছরের এক কিশোরীকে বাড়িতে ঢুকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, যৌন হেনস্থার প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল এই কিশোরী। তার জেরেই এমন খেসারত দিতে হয়েছে ওই কিশোরীকে। উত্তরপ্রদেশের
শেষ আপডেট: 24 October 2020 10:41
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে ১৬ বছরের এক কিশোরীকে বাড়িতে ঢুকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, যৌন হেনস্থার প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল এই কিশোরী। তার জেরেই এমন খেসারত দিতে হয়েছে ওই কিশোরীকে। উত্তরপ্রদেশের ফিরোজাবাদে ঘটেছে এই ঘটনা। আর এই ঘটনার পর ফের একবার যোগী রাজ্যে নারী সুরক্ষা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশ জানিয়েছে, তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি জারি রয়েছে। মৃত কিশোরীর বাবা এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই এই তিন অভিযুক্তকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। ফিরোজাবাদের জেলা হাসপাতালে কিশোরীর দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
পুলিশ সূত্রে খবর, কিশোরীর বাবা জানিয়েছেন, গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় তাঁদের বাড়িতে আচমকা ঢুকে পড়ে এই তিন দুষ্কৃতী। সটান গুলি চালায় কিশোরীর মাথা লক্ষ্য করে। জানা গিয়েছে, ফিরোজাবাদের প্রেম নগর এলাকায় থাকে এই পরিবার। মৃতা কিশোরীর বাবা জানিয়েছেন, তিন অভিযুক্তের নাম মনীশ যাদব, শিবপালি যাদব এবং গৌরব চক। এই তিনজনই মেরে ফেলেছে দ্বাদশ শ্রেণির ওই পড়ুয়াকে। স্কুল থেকে ফেরার সময় এই কিশোরীকে দেখে কটূক্তি করেছিল ওই তিনজন। তখনই ফুঁসে ওঠে কিশোরী। প্রতিবাদ করে অশালীন আচরণের। কিন্তু রুখে দাঁড়ানোর মাশুল যে এভাবে গুনতে হবে তা বোধহয় দুঃস্বপ্নেও কল্পনা করেনি কিশোরী।
ফিরোজাবাদের এসএসপি সচিন্দ কুমার পাটেল জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। তিন অভিযুক্তকে পাকড়াও করতে উত্তরপ্রদেশ পুলিশের তিনটি টিম কাজ করছে। ইতিমধ্যেই ওই তিনজনের বিরুদ্ধেই মামলা রুজু হয়েছে। তাদের দেখামাত্রই গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি অভিযুক্তরা ধরা পড়বে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।