দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত তিন বিজেপি কর্মী। গতকাল সন্ধ্যা ৮টা ২০মিনিট নাগাদ এই ঘটনা ঘটেছে জম্মু ও কাশ্মীরে কুলগাম জেলায়। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় গাড়িতে করে ওয়াই কে পোরা অঞ্চল দিয়ে যাচ্ছিলেন ওই তিন বিজেপি কর্মী। সেই সময়ই তাঁদের উপর হামলা চালায় জঙ্গিরা। তারপরেই এলাকা ছেড়ে পালিয়ে যায় জঙ্গিরা।
জঙ্গিদের এলোপাথাড়ি গুলিবৃষ্টিতে গুরুতর ভাবে জখম হন তিনজনই। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তিনজনকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই এই তিন যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পুলিশ জানিয়েছে, নিহত তিন বিজেপি কর্মীর নাম ফিদা হুসেন ইয়াট্টু, উমের রশিদ বেগ এবং মহম্মদ রমজান। এরা সকলেই কুলগাম জেলার ওয়াই কে পোরার বাসিন্দা বলে জানা গিয়েছে। কে বা কারা এই হামলার পিছনে রয়েছে সে ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। এই হামলায় যারা জড়িত সেই জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এখনও থমথমে রয়েছে কুলগামের ওয়াই কে পোরা এলাকা। আরও আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তার বেষ্টনী।
https://twitter.com/ANI/status/1321857946947473408?s=20
কাশ্মীরে জঙ্গি হামলায় তিন বিজেপি কর্মীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে তিনি লিখেছেন, "আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি। জম্মু-কাশ্মীরে দারুণ কাজ করছিলেন এই তিন যুব কার্যকর্তা। শোকস্তব্ধ পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। ওঁদের আত্মার শান্তি কামনা করি।" জঙ্গি হামলায় তিন যুব বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন মেহেবুবা মুফতি এবং ওমর আবদুল্লাও।
https://twitter.com/narendramodi/status/1321871826432131072?s=20
এর আগে গত জুলাই মাসে উপত্যকায় খুন হন আর এক বিজেপি যুব নেতা। শেখ ওয়াসিম বারিকে খুন করে জঙ্গিরা। বিজেপি নেতার ভাই উমর সুলতান এবং বাবা বসির আহমেদ শেখও নিস্তার পাননি জঙ্গিদের নৃশংসতা থেকে। দুই জঙ্গির গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন তাঁরাও। ঘটনার সময় উত্তর কাশ্মীরের বন্দিপোরায় পারিবারিক দোকানেই ছিলেন বিজেপি নেতা এবং তাঁর বাবা ও ভাই। আচমকাই সেখানে ঢুকে পড়েছে দুই জঙ্গি। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তিনজনকেই দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালে তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিক তদন্তের পর জম্মু-কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানান এই ঘটনায় সম্ভবত হাত ছিল জইশ-ই-মহম্মদ কিংবা লস্কর-ই-তৈবার।