দ্য ওয়াল ব্যুরো: গণধর্ষণের পর তরুণীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে গুরুগ্রামে। পুলিশ সূত্রে খবর, রবিবার এই ঘটনা ঘটেছে। মাথায় গুরুতর চোট পেয়েছেন নির্যাতিতা। অপরাধ ঘটার কয়েক ঘণ্টার মধ্যেই চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জানিয়েছে, অভিযুক্তদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। এদের মধ্যে তিনজন ডেলিভারি বয় হিসেবে কাজ করে বলে জানা গিয়েছে। গুরুগ্রামের ডিএলএফ ফেজ-২-তে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেনই এলাকার ডিসিপি এসিপি করণ গয়াল।
পুলিশ জানিয়েছে, শনিবার রাতে তরুণীর সঙ্গে গুরুগ্রামের সিকন্দরপুর মেট্রো স্টেশনের কাছে দেখা হয়েছিল চার অভিযুক্তের। তরুণীকে তারা নিয়ে গিয়েছিল একটি অফিসে (realtor's office)। অভিযোগ সেখানেই তরুণীকে ধর্ষণ করা হয়। জানা গিয়েছে, চার অভিযুক্তের মধ্যে একজন ওই অফিসেই চাকরি করত। ফলে চাবি ছিল তার কাছে। পুলিশ আরও জানিয়েছে যে ধর্ষণে বাধা দেওয়ায় তরুণীকে মারধর করেছে চার অভিযুক্ত। মাথার গুরুতর চোট রয়েছে নির্যাতিতার। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দেওয়ালের মধ্যে কার্যত আছড়ে ফেলা হয়েছিল তরুণীকে। যার ফলে মাথায় চোট পেয়েছেন তিনি। আপাতত গুরুগ্রামের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় গভীর ক্ষত রয়েছে তাঁর। তরুণীর পরিবারকে খবর দেওয়া হয়েছে।
ঘটনার পর এলাকা ছেড়ে চম্পট দেয় চার অভিযুক্ত। এদিকে অফিসের ভিতর তখন যন্ত্রণায় আর্তনাদ করছিলেন তরুণী। তাঁর কান্না শুনে যে কমপ্লেক্সে ওই অফিস সেখানকার এক নিরাপত্তারক্ষী পুলিশ খবর দেন। এরপর ওই নিরাপত্তাকর্মী নির্দিষ্ট অফিসে ঢুকে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসা চলছে ওই তরুণীর। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির উপযুক্ত ধারায় মামলা রুজু হয়েছে। আপাতত তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।