
শেষ আপডেট: 15 January 2019 15:24
দ্য ওয়াল ব্যুরো: দেশের সমস্ত কলেজে ২৫ শতাংশ আসন বৃদ্ধির নির্দেশ দিল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। কয়েক দিন আগেই কেন্দ্রীয় সরকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সাধারণ শ্রেণির ছেলে-মেয়েদের জন্য শিক্ষা এবং চাকরি ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণ দিতে সংসদে সংবিধান সংশোধন বিল পাশ করেছে। রবিবার তাতে সই করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এরপর কলেজগুলিকে কেন্দ্রের নির্দেশ, এই সংরক্ষণকে বাস্তবায়িত করতে কলেজগুলিকে ২৫ শতাংশ আসন বৃদ্ধি করতে হবে। যাতে তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণে কোনও সমস্যা না হয়।
মঙ্গলবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে এ কথা বলেন কেন্দ্রীয় মানবসম্পদ দফতরের মন্ত্রী প্রকাশ জাভড়েকর। ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে এই সংরক্ষণ বাস্তবায়িত হবে বলেও জানান মন্ত্রী। এ দিন বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশন এবং সর্বভারতীয় কারিগরি শিক্ষা কাউন্সিলের সভার পর জাভড়েকর বলেন, সরকারি, বেসরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই বর্ধিত আসনের ব্যবস্থা রাখতে হবে। সব মিলিয়ে মোট সংখ্যা দাঁড়াচ্ছে ৪০ হাজার কলেজ এবং ৯০০ বিশ্ববিদ্যালয়।
এই ২৫ শতাংশ আসন বৃদ্ধি মানে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোরও আরও উন্নতি প্রয়োজন। ইতিমধ্যে গুজরাত, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলি কেন্দ্রেকে জানিয়ে দিয়েছে ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকেই তারা এই কাজকে বাস্তবায়িত করবে। তবে পশ্চিমবঙ্গ এখনও কিছু জানায়নি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও ‘ভোটের রাজনীতি’ বলে কটাক্ষ করেছিলেন। এখন দেখার বাংলা কী করে।