দ্য ওয়াল ব্যুরো: তাপপ্রবাহের পূর্বাভাস আগেই দিয়েছিল মৌসম ভবন। এবার দিল্লি এবং সংলগ্ন এলাকায় রেড অ্যালার্ট বা লাল সতর্কতা জারি করল আইএমডি। আবহাওয়া দফতরের পূর্বাভাস তাপপ্রবাহ তীব্রতর হবে রাজধানী শহরে। সেজন্যই দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জনসাধারণকে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে আইএমডি। কারণ এই নির্দিষ্ট সময়েই রোদের তেজ এবং তাপপ্রবাহের মাত্রা সর্বোচ্চ থাকে।
হাওয়া অফিসের পূর্বাভাস সোম এবং মঙ্গলবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রবিবার থেকেই চড়তে শুরু করেছে পারদ। এদিন দিল্লির অধিকাংশ অঞ্চলেই তাপমাত্রা পৌঁছেছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। আইএমডির পূর্বাভাস, দিল্লির অধিকাংশ এলাকাতেই তাপপ্রবাহ চলবে। বেশ কিছু জায়গায় তাপপ্রবাহ তীব্রতর হবে। আকাশ থাকবে ঝকঝকে পরিষ্কার। সেই সঙ্গে ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে বইবে উষ্ণ হাওয়া।
দিল্লির সফদরজং অবজারভেটরির তথ্য অনুসারে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। এছাড়া পালাম, লোধি রোড এবং আয়ানগরের আবহাওয়া দফতরের তথ্য অনুসারে এই তিন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস, ৪৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
আইএমডি-র রিজিওনাল ফোরকাস্টিং সেন্টারের হেড কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন আগামী ২৮ মে তাপমাত্রা সবচেয়ে তীব্রতর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা এবং পুবালি হাওয়ার জোড়া ধাক্কায় ২৯ এবং ৩০ মে দিল্লি এবং সংলগ্ন এলাকায় ধুলো ঝড় হতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৬০ কিলোমিটার বেগে বইতে পারে পারে ঝোড়ো হাওয়া।
তবে কেবল দিল্লি নয় উত্তর ভারতের অন্যান্য অনেক রাজ্যেই তাপপ্রবাহের সতর্কতা স্বরূপ রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান এই চার রাজ্যে আগামী ২ দিনের জন্য জারি রয়েছে রেড অ্যালার্ট। এছাড়াও উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে জারি হয়েছে অরেঞ্জ ওয়ার্নিং।
সাধারণত বিস্তীর্ণ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস হলে এবং পরপর ২ দিন ধরে তাপমাত্রা একই থাকলে সেখানে তাপপ্রবাহের সতর্কতা জারি করে আবহাওয়া দফতর। আর পারদ ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছলে এবং ২ দিন ধরে একই তাপমাত্রা থাকলে তাপমাত্রা তীব্রতর হচ্ছে বা ওই এলাকায় সিভিয়ার হিটওয়েভ চলার সম্ভাবনা আছে বলে পূর্বাভাস দেয় মৌসম ভবন। তবে ছোট জায়গা যেমন দিল্লির ক্ষেত্রে এক দিনই তাপমাত্রা ৪৫ ডিগ্রি হওয়ায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আইএমডি।