দ্য ওয়াল ব্যুরো: উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে তাপপ্রবাহ। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী আজই তাপপ্রবাহ তীব্রতম হতে পারে রেড অ্যালার্ট জোনগুলিতে। আইএমডি-র পূর্বাভাস অনুসারে, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের পূর্বভাগ এবং বিদর্ভ এলাকায় ২৬ এবং ২৭ মে এই দু’দিন সিভিয়ার হিটওয়েভ কন্ডিশন অর্থাৎ তাপপ্রবাহের চরমতম পর্যায় দেখা যাবে। তবে সমগ্র রাজ্যে নয়, বরং কিছু কিছু অঞ্চল (আইসোলেটেড পকেটস)-এ চলবে এই সিভিয়ার হিটওয়েভ। মূলত ২৮ মে পর্যন্ত এইসমস্ত এলাকায় চলবে তাপপ্রবাহ।
ইতিমধ্যেই রাজস্থানের চুরুতে তাপমাত্রা পৌঁছেছে ৪৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। তাপপ্রবাহের সতর্কতা জারি হওয়া সব রাজ্যেই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা বেশি রয়েছে বলে জানিয়েছে আইএমডি। আজ রাজধানী শহর দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও পাঞ্জাব এবং রাজস্থানে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি, হরিয়ানায় ৪৫ ডিগ্রি, চণ্ডীগড়ে ৪২ ডিগ্রি এবং মধ্যপ্রদেশে ৪৪ ডিগ্রি সেলসিয়াস।
কী ভাবে জারি হয় তাপপ্রবাহের সতর্কতা-
১। সমতলে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি
২। উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি বা তার বেশি
৩। পাহাড়ি এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি বা তার বেশি
উপরের এই তিন ধরনের আবহাওয়া লক্ষ্য করা গেলে তবেই তাপপ্রবাহের সতর্কতা জারি করে আইএমডি। আর যখন সমতলে পারদ ৪৫ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করা তখন নির্দিষ্ট এলাকায় সিভিয়ার হিটওয়েভের অ্যালার্ট জারি করা হয়।
কোন কোন রাজ্যে জারি হয়েছে সিভিয়ার হিটওয়েভ অ্যালার্ট-
আইএমডি-র তথ্য অনুসারে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশের পূর্বভাগ এবং বিদর্ভের বিচ্ছিন্ন অঞ্চল অর্থাৎ আইসোলেটেড পকেটে জারি হয়েছে সিভিয়ার হিটওয়েভ অ্যালার্ট। এছাড়াও পাঞ্জাব, ছত্তীসগড়, ওড়িশার কিছু অংশ (ইন্টিরিয়র পার্ট), গুজরাত, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, অন্ধ্রপ্রদেশের কিছু অংশ (ইন্টিরয়র পার্ট), তেলেঙ্গানা, বিহার এবং ঝাড়খণ্ডের আইসোলেটেড পকেটেও আগামী ২-৩ দিন তাপপ্রবাহ তীব্র হবে।
তাপপ্রবাহের সতর্কতার মাঝেই বৃষ্টির পূর্বাভাস-
২৯ মে বৃহস্পতিবার থেকে উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আইএমডি। পশ্চিমী ঝঞ্ঝা এবং পুবালি হাওয়ার জোড়া ধাক্কায় ২৯ এবং ৩০ মে তুমুল ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছে মৌসম ভবন। যার ফলে তীব্র তাপপ্রবাহের পর খানিকটা স্বস্তি পাওয়া যাবে বলে মত আবহবিদদের। তাঁদের অনুমান এই ঝড়বৃষ্টির পর তাপমাত্রা কমে ৪০ ডিগ্রি সেলসিয়াস হবে।
তাপপ্রবাহের রেড অ্যালার্ট কোন কোন রাজ্যে-
সিভিয়ার হিটওয়েভ কন্ডিশন লক্ষ্য করা গিয়েছে পশ্চিম রাজস্থান, সৌরাষ্ট্র, কচ্ছ এবং বিদর্ভের বেশ কিছু অংশে (আইসোলেটেড পকেট)। এছাড়াও উত্তরপ্রদেশের পূর্বভাগ এবং হরিয়ানা, দিল্লি ও মধ্যপ্রদেশের কিছু অংশ এবং পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, মারাঠাওয়াড়া, গুজরাত, তেলেঙ্গানা এবং ছত্তীসগড়ের অশিকাংশ অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ অনেকটাই বেশি রয়েছে। সোমবার এবং মঙ্গলবার এই দু’দিন তাপপ্রবাহের সতর্কতায় আইএমডি রেড অ্যালার্ট জারি করেছে দিল্লি, হরিয়ানা, রাজস্থান, চণ্ডীগড় এবং পাঞ্জাবে।
আইএমডি-র হেড কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন, উত্তর ও মধ্য ভারতের বেশ কিছু জায়গায় পারদ চড়তে পারে ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তিনি জানিয়েছেন, চলতি বছর এই প্রথম তাপপ্রবাহ জনিত রেড অ্যালার্ট জারি করেছে মৌসম ভবন। তবে এখনও পর্যন্ত কোনও হিটস্ট্রোক বা তাপপ্রবাহে মৃত্যুর খবর পাওয়া যায়নি। উল্লেখ্য নাগপুরের কিছু অংশে ইতিমধ্যেই পারদ পৌঁছেছে ৪৭ ডিগ্রি সেলসিয়াসে। আইএমডি সূত্রে খবর যে এই গরমে হায়দরাবাদও সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছে। গত শনিবার হায়দরাবাদের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৪ ডিগ্রি সেলসিয়াস।