দ্য ওয়াল ব্যুরো: বেনজির সার্ভার বিভ্রাট গুগলে। জি-মেল, গুগল ড্রাইভ-সহ একাধিক ক্ষেত্রে বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে ব্যবহারকারীদের। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এই বিভ্রাট শুরু হয়। দুপুর তিনটে পর্যন্ত পরিষেবা স্বাভাবিক হয়নি বলে খবর। জি-স্যুইটের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, গুগল গোটা বিষয়টিতে ওয়াকিবহাল। সমস্যা সমাধানের কাজ চলছে। তাদের আশা কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
মূলত সমস্যা দেখা যায় জি-মেলে। দেখা যায় কোনও ফাইল অ্যাটাচ করে পাঠাতে গেলেই বেঁকে বসছে সার্ভার। স্ক্রিনে ভেসে উঠছে ‘সরি!’ অনেকে আবার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, একটি সাধারণ টেক্সট আকারে মেল পাঠাতে তাঁদের কোনও সমস্যা হচ্ছে না। কেবল ওয়ার্ড ফাইল বা পিডিএফ পাঠাতে গেলেই এই সমস্যা হচ্ছে। অনেকে আবার জানাচ্ছেন, তাঁরা পাসওয়ার্ড দেওয়ার পরেও লগইনই করতে পারছেন না। অ্যাটাচ করা তো দূরের কথা। কার্যত শিকেয় উঠেছে বহু সংস্থার কাজকর্ম।
https://twitter.com/mysteryborn_87/status/1296333636623458304
ভারত ছাড়াও জাপান, আমেরিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া—পৃথিবীর বিভিন্ন দেশে এই সমস্যার মুখে পড়েছেন গুগল ব্যবহারকারীরা। বেশ কয়েকটি আন্তর্জাতিক টেকনোলজির নিউজ পোর্টাল জানাচ্ছে, আচমকাই সার্ভার বসে গিয়েছে গুগলের। সেই বিভ্রাট এতটাই বড়সড় যে এতগুলি দেশে প্রভাব ফেলেছে।
https://twitter.com/HieShekhar/status/1296376076067725313
এমনিতেই কোভিড পরিস্থিতিতে এখন তথ্যপ্রযুক্তি ক্ষেত্র-সহ বহু ক্ষেত্রেই কর্মীরা বাড়ি থেকে কাজ করছেন। সেক্ষেত্রে তাঁদের অন্যতম ভরসা জি-মেল। কিন্তু মেইল পাঠাতে গেলেই বিপাকে পড়তে হচ্ছে ব্যবহারকারীদের। সব মিলিয়ে দুনিয়াজুড়ে বিভ্রাটের মুখে পড়েছে গুগল।
https://twitter.com/paakkoAmdavadii/status/1296323311987638272
এই বিভ্রাটের পরেই সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে মিমের ছড়াছড়ি। গুগল ছাড়া এই সময়ে মানুষের আসল চেহারাটা যে আসলে কঙ্কালের মতো তাও তুলে ধরেছেন কেউ কেউ। কেউ আবার বলেছেন, জি-মেল এখন অ্যাটচমেন্টের সঙ্গে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখছে।
https://twitter.com/methmemer/status/1296360234600919041