দ্য ওয়াল ব্যুরো: বাবা (father) কখনও মেয়ের (daughter) সঙ্গে এমন করতে পারে! কিন্তু এই লোকটি করেছে। নিজের ১৭ বছরের মেয়েকে তাঁর ভাষায় এক স্বঘোষিত গডম্যানকে (godman) ‘দান’ (donate)করেছে লোকটি! অভিযোগ, মেয়েটিকে ধর্ষণ (rape) করেছে সেই স্বঘোষিত বাবা শঙ্করেশ্বর ঢাকনে ও তার শিষ্য সোপান ধানকে। দুজনকেই গ্রেফতার (arrest) করা হয়। তাদের জামিনের আবেদনের শুনানিতে বম্বে হাইকোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চ তীব্র আপত্তি জানিয়ে বলেছে, মেয়ে বাবার সম্পত্তি (property) নয় যে, তাকে দান করা যায়। যদিও অভিযুক্তদের মাথাপিছু ২৫ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছে বেঞ্চ, ৪ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিনও স্থির করেছে।
২ অভিযুক্ত জালনা জেলার বদনাপুরের এক মন্দিরে মেয়েটি ও তার বাবার সঙ্গেই থাকত। গত বছরের আগস্টে মেয়েটি এফআইআর দায়ের করে তাদের বিরুদ্ধে, তারা তাকে ধর্ষণ করেছে বলে দাবি করে। সেই অভিযোগের জেরে তাদের গ্রেফতার করে পুলিশ।
বিচারপতি বিভা কঙ্করবাদির এক সদস্যের বেঞ্চ ১০০ টাকার স্ট্যাম্প পেপারের ওপর ‘দানপত্র’ বলে উল্লেখ করা ২০১৮ সালের একটি নথি খতিয়ে দেখে। সেই দানপত্র নাকি মেয়েটির বাবা ও ঢাকনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। বেঞ্চের রায়ে বলা হয়েছে, মেয়েটির বাবা নাকি তার মেয়েকে গডম্যানকে দান করেছেন এবং তথাকথিত কন্যাদান হয়েছে ঈশ্বরের উপস্থিতিতে। মেয়েটির নিজের বয়ান অনুসারে সে নাবালিকা। তাহলে বাবা, যিনি সব অর্থে অভিভাবক, কী করে মেয়েকে দান করতে পারেন? মেয়ে তো সম্পত্তি নয় যে তাকে ডোনেট করা যায়।
ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক, বলেছে বেঞ্চ। নাবালিকার ভবিষ্যত্ নিয়ে তারা চিন্তিত, চোখ বন্ধ করে থাকতে পারছে না, এমন মন্তব্যও করেন বিচারপতি। আদালত জালনার শিশু কল্যাণ কমিটিকে তদন্তের নির্দেশ দিয়ে বলেছে, মেয়েটিকে দিয়ে যাতে কোনও অনৈতিক, বেআইনি কাজ করানো না হয়, তা সুনিশ্চিত করতে হবে।