দ্য ওয়াল ব্যুরো: পরপর তিনদিন দিল্লির বাতসের গুণমান রয়েছে 'স্যাটিসফ্যাকটরি'। নতুন বছরে এটাই প্রথম। রাজধানী শহরের এমন চমকপ্রদ তথ্য জেনে অবাক অনেকেই। কারণ গত কয়েকমাসে বায়ুদূষণের মাত্রা যে হারে বেড়েছিল তার জেরে ক্রমশই খারাপ হয়েছিল বাতাসের গুণমান। সেখানে পরপর তিনদিন দিল্লির বাতাস নির্দিষ্ট মাপকাঠির বিচারে গুণমানের নিরিখে উত্তীর্ণ হবে এমনটা ভাবাই জনগণের কাছে ছিল বেশ মুশকিলের ব্যাপার।
তবে সব ভাবনাচিন্তাকে নস্যাৎ করেই পরপর তিনদিন ধরে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্সের কাঁটা আটকেছে 'স্যাটিসফ্যাকটরি'-র দোরগোড়ায়। গত ৫ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত তিন দিনের হিসেবে এমন তথ্যই প্রকাশ্যে এসেছে বলে জানিয়েছেন সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (সিপিসিবি)। ২০১৫ সালের মে মাস থেকে বাতাসের গুণমান পরিমাপের পরীক্ষা-নিরিক্ষা চালাচ্ছে এই সংস্থা। তাদের মতে এখন দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্সের পরিমাপ ৫১ থেকে ১০০-র মধ্যে ঘোরাফেরা করছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে সেটাকে বলা হয় 'গুড বা ভাল'।
তবে বাতাসের গুণমান ৫১ থেকে ১০০-র মধ্যে থাকাটাও বিশেষ খারাপ নয়। অন্তত দিল্লি দূষণের ক্ষেত্রে তো এই পরিসংখ্যান যথেষ্ট স্বস্তিদায়ক। খুব সেনসিটিভ লোকেদের ক্ষেত্রে হয়তো বা শ্বাস নেওয়ার ক্ষেত্রে অল্প সমস্যা দেখা যেতে পারে। তবে গত কয়েকমাসের দিল্লি দূষণের নিরিখে এই পরিসংখ্যান যথেষ্টই ভাল। মার্চের শুরুর দিকে বাতাসের গুণমান ছিল মাঝারি। অর্থাৎ এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল 'মডারেট', (১০১-২০০)-র মধ্যে। তবে গত ৯ দিন ধরেই বদলেছে এয়ার কোয়ালিটি ইনডেক্স। তার মধ্যে ৫,৬ এবং ৭ মার্চ---এই তিনদিন টানা 'স্যাটিসফ্যাকটরি' পর্যায়ে ছিল বাতাসের গুণমান।
রবিবার দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ১৬৪। সোমবার সেটা খানিকটা কমে হয়েছিল ১২৩। তবে দু'দিনই বাতাসের গুণমান ছিল 'মডারেট বা মাঝারি'। এ বছর মার্চের শুরুর দিকে বেশ খানিকটা বৃষ্টিও হয়েছে দিল্লি এবং সংলগ্ন এলাকায়। আইএমডি সূত্রে খবর, মার্চের মাঝামাঝি সময়েও বৃষ্টি চলবে দিল্লিতে। গত বছর দেওয়ালির সময় থেকেই মারাত্মক ভাবে দূষণের মাত্রা বেড়ে গিয়েছিল দিল্লিতে। দিল্লির সংলগ্ন পাঞ্জাব-হরিয়ানা এলাকায় খড় পোড়ানোর দৌলতেই এত দূষণ হয়েছিল বলে মনে করেছিলেন বিশেষজ্ঞ থেকে সাধারণ মানুষ। তার সঙ্গে দোসর ছিল দেওয়ালিতে পোড়ানো বাজির ধোঁয়া। সে সময় বিক্ষিপ্ত বৃষ্টির জেরে বায়ুদূষণের মাত্রা কমার বদলে বেড়ে গিয়েছিল অনেকাংশে।
সেই অবস্থা থেকে টানা তিনদিন দিল্লির বাতাসের গুণমান 'স্যাটিসফ্যাকটরি' হওয়ায় আপাতত খানিক স্বস্তিতে দিল্লিবাসী।