দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুরের জাস্টিস চন্দ্রমাধব রোডে একটি বহুতল আগুনের কবলে। সকাল সওয়া দশটা নাগাদ আগুন লাগে। একটি গোটা তলা এখনও জ্বলছে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পরে তা ফের নতুন করে জ্বলতে শুরু করেছে। তবে দমকলকর্মীরা জানিয়েছেন যে ওই বহুতল থেকে সকলকে নিরাপদে বের করে আনা হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
বাইরে থেকে জল ছিটিয়ে নয় বরং ওই বহুতলের ভিতরে থাকা অগ্নিনির্বাপন ব্যবস্থা কাজে লাগাচ্ছেন দমকলকর্মীরা।
ভবানীপুরের ওই বহুতলে কিছুক্ষণ আগে বিকট শব্দে বিস্ফোরণ হয়। সন্দেহ করা হচ্ছে, বহুতলের যে পেন্ট হাউজে আগুন লেগেছে সেখানে রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে ওই বিস্ফোরণ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই বিস্ফোরণের পর আগুন অন্যদিকে এবং নিচের ফ্লোরেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। প্রবল হাওয়ার জন্য আগুন বেশি করে ছড়িয়ে পড়তে শুরু করে।
যে বহুতলে আগুন লেগেছে তার নাম সাউথ সিটি গ্যালাক্সি। ওই বহুতলের ১৭ তলায় প্রথমে আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় ওই বহুতল। দম বন্ধ করা পরিস্থিতির সৃষ্টি হয়। বহুতল থেকে লোকজন বেরিয়ে আসতে শুরু করেন।
আগুন লাগার খবর পেয়ে মিনিট পনেরোর মধ্যেই চলে আসে দমকলের দশটি ইঞ্জিন। উচ্চতার জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাথমিক ভাবে সমস্যার মুখে পড়েন দমকলকর্মীরা। ঘটনাস্থলে চলে আসেন দমকলের মহানির্দেশক জগমোহন নিজে। পরে ঘটনাস্থলে পৌঁছে যান দমকলমন্ত্রী সুজিত বসুও।