দ্য ওয়াল ব্যুরো: ভারতের মতো দেশে কম-বেশি সব দলই প্রায় রাজনীতিতে ধর্মের বিষয়টি জুড়ে দেয়। কিন্তু এ ব্যাপারে বিজেপি (BJP) বাকি সবার থেকেই আলাদা। কারণ অনেকে বলেন, বিজেপি যে ভাবে ধর্মকে রাজনীতির রাংতায় মুড়েছে তা অন্য দল কখনও করেনি। এবার সেই বিজেপি ধর্মকে রাজনীতির আঙিনায় মেশাতে নতুন আঙ্গিক বেছে নিল। তবে সারা দেশে নয়। দিল্লিতে।
শুভেন্দুকে রক্ষাকবচ: নবান্ন সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে গেল ডিভিশন বেঞ্চে
দিল্লি বিজেপি সিদ্ধান্ত নিয়েছে, উত্তর ভারতের বিভিন্ন ধর্মীয় স্থানে পর্যটক নিয়ে যাবে। তবে সবাই নন। কেবল মাত্র বয়স্ক নাগরিক ও মহিলারা মন্দিরে মন্দিরে ঘোরার বাসে টিকিট পাবেন। সেই বাস ঘুরবে অযোধ্যা, বৈষ্ণদেবী থেকে শুরু করে হিমাচল, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের বিভিন্ন মন্দিরে। বিনি পয়সায় ধর্ম-পর্যটন করতে পারবেন বৃদ্ধ-বৃদ্ধারা।
কেন?
২০২২ সালে দিল্লিতে মিউনিসিপ্যাল কর্পোরেশন ভোট রয়েছে। সেই ভোটের দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি বিজেপি। বাজেটও করে ফেলেছেন মনোজ তিওয়ারি, অদেশ গুপ্তরা। সেপ্টেম্বরের ১১ তারিখ প্রথম বাস রওনা দেবে ধর্ম পর্যটনে। যা দেখে অনেকেই বলছেন, দিল্লির বিজেপি যেন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সি। যাঁদের এখন একটাই স্লোগান—চলুন বেড়িয়ে আসি।
দিল্লি বিজেপির মুখপাত্র অদেশ কুমার বলেছেন, বিধানসভা ভোটের আগে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও বিনামূল্যে তীর্থ ভ্রমণ করানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। এবার আমরা দলগত ভাবে এই কর্মসূচি নিয়েছি। তিনি আরও বলেন, কোভিড পরিস্থিতিতে বহু মানুষ তীর্থক্ষেত্রে যেতে পারেননি। আমরা দলগত ভাবে তাই এই প্রচেষ্টা করছি।
সেই আটের দশকের শেষের কথা। রামজন্মভূমি আন্দোলন শুরু করেছিল বিজেপি। লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশীদের সেই রথযাত্রা ভারতের রাজনীতিতে মাইলফলক ঘটনা। তারপর ভারতের রাজনীতিতে বিজেপির রাজনীতি আবর্তিত হয়েছিল অযোধ্যায় রামমন্দির নির্মাণের স্বপ্নকে কেন্দ্র করে। মোদী-শাহ জমানায় সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। লকডাউনের মধ্যেই গত বছর ৫ অগস্ট মন্ত্র পড়ে রামমন্দিরের ভূমিপূজোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অনেকে বলতেন, রামমন্দির নির্মাণের বিষয়ে চূড়ান্ত রায় সুপ্রিম কোর্ট দিয়ে দিলে বিজেপির আর রাজনীতি করার মতো হাতিয়ার থাকবে না। কিন্তু বিজেপিও যেন দেখাচ্ছে, কী ভাবে রাজনীতির আঙিনায় নতুন নতুন কায়দায় কী ভাবে ধর্মের প্যাকেজিং করা যায়।
ওদিকে উত্তরপ্রদেশে এক ভাবে মড়ক দিচ্ছেন যোগী আদিত্যনাথ। এদিকে দিল্লিতে ধর্ম-পর্যটন প্যাকেজ। কে বলতে পারে, এরপর বাংলা বিজেপি চলুন বেরিয়ে আসি বলে গঙ্গাসাগর, কালীঘাট, দক্ষিণেশ্বর, তারকেশ্বর প্যাকেজ শুরু করবে না!
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'