
শেষ আপডেট: 3 June 2020 15:21
বুধবার বিকেলে পর থেকে শক্তি হারিয়ে দুর্বল হতে শুরু করেছে ঘূর্ণিঝড় নিসর্গ। সন্ধে ৬টার পর চালু হয়েছে বিমান পরিষেবা। বেশ কিছু এলাকায় দোকানপাট খুলেছে বলে খবর। আলিবাগের কাছে ল্যান্ডফলের পর তুমুল বৃষ্টি শুরু হয় মুম্বই-সহ মহারাষ্ট্রের একাধিক উপকূলীয় জেলায়। ল্যান্ডফলের সময় হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। আবহবিদদের অনেকের মতে আলিবাগের কাছে ল্যান্ডফল হওয়ায় নিসর্গের তাণ্ডব থেকে অনেকাংশে বেঁচে গিয়েছে মুম্বই।
ঝড়ের দাপটে পুণে এবং রায়গড়ে অসংখ্য গাছ পড়েছে । বেশ কিছু জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। ব্যাহত হয়েছে ইন্টারনেট পরিষেবা। ঝড়ের দাপটে উত্তাল ঢেউয়ের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে রায়গড় জেলা।
আজ ৩ জুন বুধবার দুপুর ১২টা ৩০মিনিট থেকে ২টো ৩০মিনিটের মধ্যে মহারাষ্ট্র উপকূল দিয়ে বয়ে গিয়েছে ঘূর্ণিঝড় নিসর্গ। হাওয়ার গতিবেগ ছিল ১০০ থেকে ১২০ কিলোমিটারের মধ্যে। মুম্বইয়ের উপকূলে আলিবাগের কাছে ল্যান্ডফল হয় নিসর্গ-র।
ঘূর্ণিঝড়ের দাপটে গাছ এবং বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ার পাশাপাশি বেশ কিছু বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। নিম্ন উপকূলীয় এলাকায় ক্ষতির পরিমাণ সর্বাধিক। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়েছে বেশ কিছু এলাকা।