দ্য ওয়াল ব্যুরো: চাষের জমিতে শুয়ে রয়েছেন এক যুবক। দেখে আন্দাজ দেহে প্রাণ নেই। সবচেয়ে ভয়ঙ্কর হলো এই যুবকের পাশেই বসে রয়েছে এক কেঁদো বাঘ। যুবক বেঁচে আছেন কিনা শুঁকে শুঁকে চলছে সেই পরীক্ষও। আসলে প্রাণে বেঁচেই ছিলেন ওই যুবক। আর বাঘের মুখের গ্রাস থেকে শুধু বুদ্ধির জেরেই ফিরে এসেছেন তিনি। যদিও একটু এদিক-ওদিক হলেই পরিণতি হতো মর্মান্তিক। জারিজুরি ফাঁস হলেই মৃত্যু ছিল অনিবার্য। তবে এ যাত্রায় বাঘকে বোকা বানিয়েই বেঁচে গিয়েছেন ওই যুবক।
সম্প্রতি টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন আইএফএস অফিসার প্রবীণ কাসওয়ান। ভাইরাল হওয়া ওই ভিডিও দেখে শিউরে উঠেছেন সকলেই। সেখানেই দেখা গিয়েছে ক্ষেতের মাঝে মড়ার মতো পড়ে রয়েছেন এক যুবক। পাশেই বসে রয়েছে এক তাগড়াই বাঘ। আশপাশ থেকে তারস্বরে চিৎকার করছেন অনেক মানুষ। তাড়ানোর জন্য কেউ কেউ পাথর ছুড়ছেন বাঘটির দিকে। কিন্তু তাতে বিন্দুমাত্র নড়াচড়া করার লক্ষণ নেই বাঘটির। নড়নচড়ন নেই পাশে পড়ে থাকা যুবকেরও।
https://twitter.com/i/status/1221062205774319616
আশেপাশের অনেকেই ততক্ষণে ধরে নিয়েছেন বাঘের থাবায় নির্ঘাত প্রাণ হারিয়েছেন ওই যুবক। তাও বাঘটিকে তাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। হঠাৎই কী মনে হতে সটান দৌড় মেরে পালাতে শুরু করে বাঘটি। তবে ভিডিওতে আসল টুইস্ট ছিল এর পরেই। বাঘটি খানিক দূরে যেতেই হাত-পা ঝেড়ে উঠে দাঁড়ায় এতক্ষণ মড়ার মতো পড়ে থাকা ওই যুবক। মাঠের মধ্যে থেকে দৌড়ে বেরিয়ে আসতে দেখা যায় তাঁকেও।
মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় শনিবার ঘটেছে এমন কাণ্ড। আইএফএস প্রবীণ কাসওয়ানের ভিডিও ছাড়াও ভান্ডারা গ্রামে সেদিন ঠিক কী হয়েছিল তার আর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ওই জেলার এক গ্রামে সেদিন হানা দিয়েছিল পূর্ণবয়স্ক একটি বাঘ। গ্রামবাসীদের তাড়া খেয়ে পাশেই ক্ষেতের মধ্যে চলে গিয়েছিল বাঘটি। একটি ক্ষেত থেকে আর একটি চাষের জমিতে রাস্তা পার করে দৌড় মারতেও দেখা গিয়েছে বাঘটিকে। পিছনে তখন ধাওয়া করেছে অসংখ্য গ্রামবাসী। কারও হাতে লাঠি। কেউ বা পাথর ছুড়ছেন বাঘটির দিকে। উদ্দেশ্য একটাই যেভাবেই হোক বাঘটিকে তাড়াতে হবে। কারণ চাষের ক্ষেতে তখন কাজ করছিলেন কয়েকজন।
https://twitter.com/i/status/1221078080778694656
আচমকা বাঘের হানায় হকচকিয়ে গেলেও পালিয়ে যেতে পেরেছিলেন জনা দুয়েক গ্রামবাসী। তবে বাঘের খপ্পরে পড়ে যান ওই যুবক। কয়েক সেকেন্ডের মধ্যেই নিজেকে মৃত প্রমাণ করে চুপচাপ মাঠের উপর শুয়ে পড়েন তিনি। বাঘ অবশ্য তখন তাঁকে শুঁকে বোঝার চেষ্টা শুরু করেছে যে সে আদৌ মৃত কিনা। তবে গ্রামবাসীদের চিৎকার আর পাথর ছোড়ায় অল্প সময়ের মধ্যেই রণে ভঙ্গ দেয় বাঘটি। ল্যাজ উঁচিয়ে পালাতে দেখা যায় তাকে।
বাঘের পলায়নেই এবার প্রাণে বেঁচে গিয়েছেন ওই যুবক। তবে বাঘের গ্রাসে থাকা ওই কয়েক মুহূর্ত যে কতটা ভয়ঙ্কর ছিল তা আন্দাজ করতে পেরেছেন সকলেই। গ্রামবাসীরা ধরেই নিয়েছিলেন মারা গিয়েছেন যুবক। চারপাশ থেকে উঠেছিল গেল গেল রব। তবে কেবল বুদ্ধির জোরেই সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ওই যুবক।