দ্য ওয়াল ব্যুরো: বোমা, বন্দুক, লাঠি, রড, ভাঙচুর, বিরোধী প্রার্থীকে ফেলে পেটানো--সব মিলিয়ে উত্তরপ্রদেশের ব্লক পঞ্চায়েত প্রমুখ নির্বাচন মনে করাল আঠারোর বাংলার পঞ্চায়েত ভোটকে।
মনে পড়ে?
ভোটের আগের রাতে কাকদ্বীপে সিপিএম কর্মী দম্পতিকে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। অভিযোগ উঠেছিল শাসকদলের দিকেই। তারপর ভোটের দিন ব্যালট বাক্স আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, ব্যালট পেপার পুকুরে ভাসিয়ে দেওয়া সেই বীভৎস ছবি এখনও টাটকা। অনেকের মতে, উত্তরপ্রদেশের হিংসা হয়তো তাকেও ছাপিয়ে যাবে।
উন্নাওয়ের একটি ভিডিও সামনের এসেছে। যেখানে দেখা যাচ্ছে সমাজবাদী পার্টির এক দলিত প্রার্থীকে রাস্তায় ফেলে লাথি মারা হচ্ছে। সামনের দাঁড়িয়ে পুলিশ। কিন্তু তাঁরা নীরব দর্শক।
শনিবার উত্তরপ্রদেশের ৪৭৬টি ব্লকের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচন হয়। ‘তাৎপর্যপূর্ণ ভাবে’ তার মধ্যে ৩৪৯টি পদে কোনও প্রতিদ্বন্দ্বিতা হয়নি। এর মধ্যে ৩৩৪টিই জিতে নিয়েছে বিজেপি। সমাজবাদী পার্টি যেতে সাতটি।
আগরা জেলাতেও তাই সিংহভাগ আসন বিজেপি জিতেছে গেরুয়া শিবির। সীতাপুর জেলার ১৯টির মধ্যে ১৫টি এবং হরদোই জেলার ১৯টির মধ্যে ১৪টি গিয়েছে যোগীর শিবিরের দখলে। মুজফ্ফরনগর জেলার ৯টি ব্লক পঞ্চায়েতে মধ্যে ৮টিতে বিজেপি জিতেছে। রাষ্ট্রীয় লোকদলের ঝুলিতে একটি।
সামনের বছরের গোড়ায় উত্তরপ্রদেশের বিধানসভা ভোট। তার আগে এই জয়কে বিপুল জয় হিসেবেই দেখছে গেরুয়া শিবির।