দ্য ওয়াল ব্যুরো: বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে অচৈতন্য অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ব্যাস তারপরেই সব শেষ। মাত্র ৫৬ বছর বয়সেই চলে গেলেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু। সূত্রের খবর, হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয়েছে এই কিংবদন্তি সঙ্গীতশিল্পীর।
শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের সঙ্গীত অনুরাগীদের কাছে আইয়ুব পরিচিত নাম। বাংলাদেশের বিখ্যাত রক ব্যান্ড ‘এলআরবি’-র স্রষ্টা আইয়ুব ছিলেন ব্যান্ডের লিড গিটারিস্ট। প্রায় দশ বছর সোলস ব্যান্ডের লিডস গিটারিস্টও ছিলেন তিনি। দীর্ঘ চার দশক ধরে সৃষ্টি করেছিলেন অসামান্য সব গান।
১৯৭৮ সালে ‘ফিলিংস’ ব্যান্ডের মাধ্যমে সঙ্গীত জগতে প্রবেশ করেন আইয়ুব বাচ্চু। সেই শুরু। তারপর থেকে একের পর এক মন ছুঁয়ে যাওয়া গান উপহার দিয়েছেন শ্রোতাদের। ভক্তদের কাছে পরিচিত ছিলেন ‘এবি’ নামেও। সোলস ব্যান্ডের হয়ে রক সঙ্গীতের জগতে পা রাখেন আইয়ুব বাচ্চু। তারপর ১৯৯১ সালে তৈরি করেন নিজের ব্যান্ড 'এলআরবি'।
তাঁর বিখ্যাত গানগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় 'সেই তুমি কেন এত অচেনা হলে' এবং 'রুপোলি গিটার'। এ ছাড়াও আইয়ুবের অনন্য সৃষ্টির মধ্যে রয়েছে, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘ঘুম ভাঙ্গা শহরে’, ‘হকার’, ‘অবাক হৃদয়’, ‘আমিও মানুষ’, ‘কষ্ট কাকে বলে’, ‘সুখ’, ‘মন চাইলে মন পাবে’, ‘রাত জাগা পাখি হয়ে’, ‘মাধবী’, ‘ফেরারি মন’, ‘এখন অনেক রাত’, ‘ঘুমন্ত শহরে’, ‘বারো মাস’, ‘হাসতে দেখ’, ‘উড়াল দেব আকাশে’, ‘একদিন ঘুম ভাঙ্গা শহরে’, ‘মেয়ে ও মেয়ে’, ‘কবিতা সুখ ওড়াও’, ‘এক আকাশ তারা’------এই গানগুলিও।
https://www.youtube.com/watch?v=9US5QeBtw6w&feature=youtu.be