দ্য ওয়াল ব্যুরো: তিন মিনিটে ৩০বার স্কোয়াট করলেই মিলবে ফ্রি প্ল্যাটফর্ম টিকিট। সাশ্রয় হবে ১০টাকা। দিল্লির আনন্দ বিহার রেল স্টেশনে ইতিমধ্যেই বসানো হয়েছে স্কোয়াট মেশিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ফিট ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। বিনামূল্যে টিকিট পাওয়ার আশায় ইতিমধ্যেই কসরত শুরু করে দিয়েছেন অনেকেই।
কী এই স্কোয়াট?
নিয়মিত যাঁরা জিমে যান এই শব্দ তাঁদের কাছে বেশ পরিচিত। স্কোয়াট অনেকটা উঠবোস ধরনের একসারসাইজ। বা বলা যায় সিট-আপের সমান। পেটের মেদ বিশেষ করে ভুড়ি কমাতে এই একসারসাইজের জুড়ি মেলা ভার। এবার এমনই এক একসারসাইজ করার বন্দোবস্ত থাকছে নয়া দিল্লির আনন্দ বিহার রেল স্টেশনে। সকাল-বিকেল-রাত যখনই হোক, ৩ মিনিটে ৩০ বার স্কোয়াট করলেই বিনামূল্যে পাওয়া যাবে প্ল্যাটফর্ম টিকিট। টিকিট কাউন্টারে লাইনে দাঁড়ানোর ঝঞ্ঝাট আর পোহাতে হবে না।
https://twitter.com/i/status/1230777150153744384
ভারতীয় রেলের অভিনব উদ্যোগ দেখে তাজ্জব সাধারণ মানুষও। রেলমন্ত্রী পীযূষ গোয়েল সম্প্রতি টুইট করেছেন একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে বেশ উৎসাহের সঙ্গেই স্কোয়াট করতে হাজির হয়েছেন এক যুবক। মেশিনে এক এক করে বাড়ছে স্কোয়াটের সংখ্যা। দেখানো হচ্ছে মিনিটের হিসেবও। ২৮টা স্কোয়াট হওয়ার পরেই মেশিনের ভিতরে টিকিট ছাপা শুরু হয়ে যাচ্ছে। আর ৩০টি স্কোয়াট শেষ হওয়া মাত্রই মেশিন থেকে প্রিন্ট হয়ে বেরিয়ে আসছে টিকিট।
২৫ সেকন্ডের ওই ভিডিও শেয়ার করে রেলমন্ত্রী লিখেছেন, ফিটনেসের প্রতি যাতে সকলেই সচেতন হন সেজন্যই এই অভিনব উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। ইতিমধ্যেই ২ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও। রেলমন্ত্রকের প্রশংসায় পঞ্চমুখ আমজনতা। এমন উদ্যোগ বেজায় পছন্দ হয়েছে নেটিজেনদেরও। ফিটনেসের প্রতি সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে ভারতীয় রেলের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলেই। ভারতীয় রেলের এমন অভিনব উদ্যোগ দেখে টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুও।
https://twitter.com/KirenRijiju/status/1230792309895131136
আমজনতার মধ্যে এই উদ্যোগ ভাল প্রভাব ফেলবে বলেই আশাবাদী ভারতীয় রেলও। বিনামূল্যে টিকিট পাওয়ার জন্য এবার থেকে স্টেশনে এসে অনেকেই ৩০বার স্কোয়াট করবেন বলে অনুমান কর্তৃপক্ষের। ফলে সকালের জিম বা যোগাসন বাদ গেলেও কুছ পরোয়া নেহি। রেলস্টেশনেই একবার ঘাম ঝরিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। ফিট এবং সুস্থ থাকার উপায় এবার মিলবে রাজধানীর রেল স্টেশনেই।