দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই ফেসবুকে ভাইরাল হয়েছিল একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছিল, বর্ডার ছবির বিখ্যাত গান 'সন্দেশে আতে হ্যায়' গাইছেন এক বিএসএফ জওয়ান। সুর-তাল-লয়ে একদম নিখুঁত। ক্ষণিকের জন্যেও এ দিক ও দিক হয়নি। ক্যান্টিনে বসে এক মনে গেয়ে চলেছেন। মাঝে তাল ঠিক রাখতে বাজাচ্ছেন তুড়িও। সতীর্থরাও হাততালি দিয়ে বাহবা দিচ্ছেন জওয়ানকে।
মুহূর্তেই ভাইরাল হয়েছিল এই ভিডিও। তবে ফেসবুকের গণ্ডি ছেড়ে বিএসএফ জওয়ানের গান এখন টুইটারে ট্রেন্ডিং। ইতিমধ্যেই দেখে ফেলেছেন লক্ষাধিক মানুষ। আর সকলেই একেবারে তাজ্জব বনে গিয়েছেন জওয়ানের এই 'সিংগিং ট্যালেন্ট' দেখে। সীমান্তে যাঁরা অতন্দ্র প্রহরী, যাঁদের দিনের পর দিন রাত জাগার ফলেই দেশবাসী সুখনিদ্রা দেন, শত্রুর চোখে চোখ রেখে রাইফেল চালাতে যাঁদের এক মুহূর্ত বিলম্ব হয় না, তাঁদের গলাতেও যে এমন সুরের জাদু রয়েছে তা বোধহয় না শুনলে বিশ্বাস হতো না অনেকরই। নেটিজেনদের প্রশংসার পাশাপাশি এই ভিডিও দেখে বিএসএফ জওয়ানকে সাধুবাদ জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। ভিডিও রিটুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালও।
https://www.youtube.com/watch?v=0LUh74gKU8o&feature=youtu.be
সেনাবাহিনী্র দেশপ্রেম নিয়ে সেলুলয়েডে প্রচুর সিনেমা বানিয়েছেন বলিউড পরিচালকরা। তবে দর্শকদের পছন্দের তালিকায় এখনও শীর্ষে রয়েছে জে পি দত্ত'র 'বর্ডার'। ১৯৯৭ সালে রিলিজ হওয়া এই ছবি মুক্তির ২২ বছর পরেও সমান জনপ্রিয়। মাল্টিস্টারার এই ছবির আর একটি আকর্ষণ ছিল ছবির গান। অনু মালিক এবং আদেশ শ্রীবাস্তবের সুরে 'সন্দেশে আতে হ্যায়'-এর জনপ্রিয়তা এতদিন পরেও একচুলও কমেনি। সোনু নিগম কিংবা রূপকুমার রাঠোর, স্টেজ শো করতে গিয়ে এই গান বোধহয় হাজার বার শুনিয়ে ফেলেছেন।
এ বার সেই গান শোনালেন বিএসএফ জওয়ান সুরিন্দর সিং। যাঁর সুরের জাদুতেই আপাতত মজেছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, একবার অন্তত কোনও প্রতিযোগিতায় যাওয়া উচিত সুরিন্দরের। সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্সে এমন প্রস্তাব আসতেই সামনে এল আরও একটি তথ্য। জানা গেল, ইতিমধ্যেই 'ইন্ডিয়ান আইডল-১০'-এর মঞ্চে গিয়ে গান শুনিয়ে এসেছেন সুরিন্দর।