দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের বিচারকের পদে আর দেখা যাবে না অনু মালিককে। নিজেই শো থেকেই বিদায় নিয়েছেন সঙ্গীত পরিচালক। জানিয়েছেন, তাঁর নামের সঙ্গে জড়িয়ে থাকা দাগ মুছে ফেলে তবেই ফের ফিরবেন কাজের দুনিয়ায়।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি সুদীর্ঘ পোস্ট করেছেন অনু মালিক। লিখেছেন, "গত একবছর ধরে আমার বিরুদ্ধে সেইসব অভিযোগ উঠছে যা আমি আদপেও করিইনি। চুপ ছিলাম, কারণ ভেবেছিলাম সত্যিটা সামনে আসবে। তবে এখন বুঝতে পারছি আমার চুপ থাকাটার অনেকে অন্যরকম মানে বের করছেন।" অনু আরও বলেন, "এই অভিযোগ শুধু আমার সম্মানহানি করেনি। আমার পরিবারকেও যথেষ্ট মানসিক যন্ত্রণার মধ্যে দিতে যেতে হচ্ছে। এমন গুরুতর অভিযোগ প্রভাব ফেলছে আমার কাজের জায়গাতেও। ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছি আমি।"
https://www.instagram.com/p/B42Q57Hl7ye/
অনু মালিক লিখেছেন, "এই বয়সে এসে এইসব অভিযোগ উঠবে আমার বিরুদ্ধে ভাবতেও পারিনি। দুই কন্যাসন্তানের বাবা আমি। এধরনের আচরণ করব কোনও মহিলার সঙ্গে এমনটা ভাবতেও পারি না। শুধু অবাক লাগছে এতকিছু যখন ঘটেছে, তাহলে কেউ আগে কেন কিছু বলেনি? এতদিনে পরে যখন টেলিভিশনে কাজ করতে ফিরলাম তখন কেন এইসব কথা বলা হচ্ছে?"
অনু মালিক ওই পোস্টে আরও লিখেছেন, "এই দুঃসময়ে যাঁরা আমার পাশে ছিলেন তাঁদের ধন্যবাদ। কুর্নিশ আমার পরিবারকেও। এত ঝড়ঝাপ্টা সামলেও কেউ আমায় ছেড়ে যাননি। বরং ক্রমাগত আমায় ভরসা দিয়েছেন। আমি জানি সোশ্যাল মিডিয়ায় চলা এইসব প্রতিবাদের বিরুদ্ধে লড়াই দীর্ঘদিনের। হয়তো অনেকক্ষেত্রে জয়ও আসবে না। তবে এবার নিজেকে বাঁচানোর তাগিদেই হয়তো আদালতের দ্বারস্থ হতে হবে আমায়। সুবিচার চাই আমি।"
#মিটু বিতর্কে বারবারনাম জড়িয়েছে অনু মালিকের। নব্বইয়ের দশকে অনু মালিকের সঙ্গে চুটিয়ে কাজ করেছিলেন আলিশা চিনয়। কিন্তু অনুর বিরুদ্ধে সরব হন তিনিও। অভিযোগ করে আলিশা বলেন, অনু মালিকের স্বভাব-চরিত্রে চিরকালই খারাপ। তবে #মিটু বিতর্কে সর্বপ্রথম অনু মালিকের বিরুদ্ধে মুখ খুলেছিলেন গায়িকা সোনা মহাপাত্র। তাঁর অভিযোগ, একটি পার্টিতে প্রকাশ্যে স্বামী রাম সম্পথের সামনেই সোনাকে 'মাল' বলে সম্বোধন করেন অনু মালিক। সঙ্গীত পরিচালকের বিরুদ্ধে তোপ দেগে তাঁকে 'শিকারি' তকমাও দেন সোনা মহাপাত্র। বলেন, শিকারির মতো ওঁৎ পেতে বসে থাকেন অনু মালিক। এরপর অনু মালিকের আচরণ প্রসঙ্গে গায়িকা নেহা ভাসিনও সরব হন।
অনু মালিকের বিরুদ্ধে এত অভিযোগ প্রকাশ্যে আসার পর তাঁকে ইন্ডিয়ান আইডলের বিচারক পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তোলেন অনেকেই। শোনা গিয়েছিল তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নাকি নিয়েও ফেলেছে চ্যানেল কর্তৃপক্ষ। তবে এত কিছুর পরেও এতদিন পর্যন্ত এই শোয়ের বিচারকের আসনে আসীন ছিলেন অনু মালিক। শোনা যাচ্ছে এবার ইন্ডিয়ান আইডল থেকে বিদায় নিতে চলেছেন তিনি।