দ্য ওয়াল ব্যুরো: মানসিক অবসাদের কারণে ছুটি চাওয়ায় ঘাড় ধাক্কা খেতে হল ছাত্রীকে। ভোপালের এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। মধ্যপ্রদেশের ভোপালে রিজিওনাল ইন্সটিটিউট অফ এডুকেশনের ছাত্রীটি সংস্থার হোস্টেলের আবাসিক। 'মডারেট ডিপ্রেসিভ ডিসঅর্ডার'-এ ভোগার জন্য সে এক সপ্তাহের ছুটি চায়। কিন্তু সেই ছুটি মঞ্জুর করার বদলে তাঁকে বিজয় নিকেতন হোস্টেল থেকে বের করে দেওয়া হয়। ওই শিক্ষা প্রতিষ্ঠানের দাবি, ছাত্রীটি মিথ্যা অসুখের কথা বলছে।
পিঞ্জরা টড নামে এক নারীবাদী সমাজকর্মী গোটা ঘটনাটি ফেসবুকে পোস্ট করেন। সেখানেই বলা হয়েছে, মানসিক অবসাদে ভোগা ছাত্রীটির দাবি না মেনে সাজানো অসুখ তকমা দিয়ে ওই ছাত্রীকে হোস্টেল থেকে বের করে দেওয়া হয়েছে। হোস্টেলের নিয়ম অনুযায়ী, কোনও আবাসিক ছাত্রী ছুটি চাইলে তাঁকে প্রয়োজনীয় নথি জমা দিতে হয়। ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে, ছাত্রীটি চিকিৎসকের প্রেসক্রিপশন জমা দিয়েছিলেন। কিন্তু তা মানতে চায়নি হোস্টেল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, এইমসের যে প্রেসক্রিপশন ছাত্রীটি জমা দিয়েছিলেন তাতে সই ও সিলমোহর ছিল না। পরে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের ভুল সংশোধন করে দিলে সেটা জমা দেন ছাত্রীটি। সেই প্রেসক্রিপশনকেও মান্যতা দেয়নি হোস্টেল কর্তৃপক্ষ। হোস্টেল থেকে বের করে দেওয়া হবে জানানোর পরে ওই ছাত্রী বারবার আবেদন করলে তাঁর বাবাকে বলা হয়, না চলে গেলে মেয়েকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। ফেসবুকে পোস্টে দাবি করা হয়েছে, এই ভাবে হোস্টেল থেকে বের করে দেওয়া আইনি নয় বলে ছাত্রীর বাবা প্রতিবাদ করলে হোস্টেল কর্তৃপক্ষ তাঁকে আদালতে যাওয়ার কথা বলে।
https://www.facebook.com/pinjratod/posts/2131791340240572