দ্য ওয়াল ব্যুরো: কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে আটক টেলি তারকা শাহবাজ খান। ছোটপর্দার জনপ্রিয় মুখ শাহবাজ রিল লাইফে বিখ্যাত বিভিন্ন খলনায়ক চরিত্রের জন্য। এবার বাস্তবেও কাঠগড়ায় তিনি। মুম্বইয়ের ওশিওয়ারা থানায় শাহবাজের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। অভিযোগ, মুম্বইয়েরই এক কিশোরীর সঙ্গে অশালীন আচরণ করেছেন অভিনেতা।
ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে অভিযুক্ত অভিনেতার বিরুদ্ধে। ৩৫৪ (মহিলার ইচ্ছের বিরুদ্ধে তাঁর সঙ্গে অশালীন আচরণ করা) এবং ৫০৯ (মহিলার সঙ্গে অপমানজনক আচরণ করা)---এই দুই ধারায় মামলা রুজু হয়েছে শাহবাজের বিরুদ্ধে। তদন্ত শুরু হয়েছে অভিনেতার বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, অভিযোগ সত্যি কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সংবাদসংস্থা এএনআই-এর তরফে টুইট করে জানানো হয়েছে এই কথা।
ছোটপর্দার পাশাপাশি বলিউডেও পরিচিত মুখ শাহবাজ খান। তাঁর আসল নাম হায়দার খান। পদ্মভূষণ প্রাপ্ত ক্লাসিক্যাল ভোকালিস্ট উস্তাদ আমির খানের ছেলে এই অভিনেতা। বিখ্যাত বাবার ছেলে কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত হওয়ায় শোরগোল পড়ে গিয়েছে বিটাউনের অন্দরমহলে। জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই শাহবাজ খানকে আটক করা হয়েছে। তবে অভিনেতাকে হেফাজতে নেয়নি ওয়াশিওয়াড়া থানার পুলিশ।
https://twitter.com/ANI/status/1227440941566439425