দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে খতম হয়েছে ২ জঙ্গি। তবে তারা কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, দুই জঙ্গির কাছ থেকেই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
গোপন সূত্রে নিরাপত্তাবাহিনীর কাছে খবর ছিল যে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার ওয়ানপোরায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি। সেই সূত্র ধরেই তল্লাশি অভিযান শুরু করেন নিয়াপত্তারক্ষীরা। তাদের উপস্থিতি টের পেয়েই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেন নিরাপত্তারক্ষীরাও। দু’পক্ষের প্রায় ঘণ্টাখানেকের গুলির লড়াইয়ে নিহত হয়েছে ২ জঙ্গি। নিরাপত্তাবাহিনীর তরফে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
আর কোনও জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে কিনা তা জানতে তল্লাশি অভিযান জারি রেখেছে নিরাপত্তাবাহিনী। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কুলগামের ওয়ানপোরা। চলছে টহলদারি এবং নজরদারি। নিহত ২ জঙ্গি কোন জঙ্গি সংগঠনের সদস্য তা জানতে শুরু হয়েছে খোঁজখবর।
কয়েকদিন আগেই উত্তপ্ত হয়েছিল কুলগাম। ভারতীয় সেনাবাহিনীর ৩৪ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে খতম হয় ২ জঙ্গি। পরে জানা যায় এনকাউন্টারে নিহত ২ জঙ্গির নাম আদিল আহমেদ ওয়ানি এবং শাহিন বশির ঠকরে। এরা ২ জনেই ছিল ইসলামিক স্টেট অর্থাৎ আইএস-এর জম্মু-কাশ্মীর শাখার সদস্য। এরা দুজনেই ছিল সোপিয়ানের বাসিন্দা। ২০১৭ সাল থেকে উপত্যকার আইএস সংগঠনে যোগ দেয় আদিল আহমেদ ওয়ানি। আর ২০১৯ সালে যুক্ত হয় আবু ইব্রাহিম ওরফে শাহিন বশির ঠোকরে। গত সোমবার ২৫ মে কুলগামের মাঞ্জাগাম এলাকার মিরওয়ানি গ্রামে হয়েছিল এই এনকাউন্টার।