
সিভি আনন্দ বোস
শেষ আপডেট: 25 June 2024 14:26
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারকে বিধায়ক পদে শপথ নিতে ফের ডাকল রাজভবন। স্পষ্ট জানানো হল, রাজভবনে এসে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছেই তাঁদের শপথ নিতে হবে। পাশাপাশি বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের সমালোচনা করে যে মন্তব্য করেছেন তার কড়া নিন্দা করেছে রাজভবন।
সোমবার বিধানসভায় গিয়ে স্পিকারের সঙ্গে দেখা করেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি সাফ জানিয়েছিলেন, তিনি বিধানসভাতে স্পিকারের কাছেই শপথ নিতে চান। এর জন্য রাজ্যপালকে চিঠিও দিয়েছেন। কিন্তু মঙ্গলবারই রাজভবনের তরফে পাল্টা জানানো হলে, তাঁকে রাজভবনে এসেই শপথ নিতে হবে। এই প্রেক্ষিতে ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়ের প্রসঙ্গ টানা হয়েছে, যিনি রাজভবনে এসে শপথ নিয়েছিলেন।
— Raj Bhavan Kolkata (@BengalGovernor) June 25, 2024
সায়ন্তিকার বক্তব্য ছিল, ''আমি যখন বিধানসভার সদস্য, তখন স্পিকার যদি আমাকে শপথবাক্য পাঠ করান তাহলে ভাল হয়।'' অন্যদিকে, রেয়াতও বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়ে জানিয়েছিলেন, রাজভবন থেকে তাঁকে মেল করে আমন্ত্রণ জানানোর কথা বলা হলেও তিনি মেল মারফৎ এমন কোনও আমন্ত্রণ পাননি। তবে মঙ্গলবার চিঠি দিয়ে তাঁদের দুজনকে রাজভবন ডাকা হয়েছে। বুধবারই তাঁদের শপথ নেওয়ার কথা।
রাজভবনের সমালোচনা করে বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ''রাজ্যপাল রীতি ভাঙছেন। নতুন বিধায়কদের শপথ না নিতে পারার জন্য অনেকাংশেই তিনি দায়ী। তবে রাজ্যপাল বিধানসভায় এসে শপথ নেওয়াতে চাইলে আমার কোনও আপত্তি নেই।'' এর পাল্টা রাজভবনের বক্তব্য, বিধানসভার স্পিকার এমন মন্তব্য করে আদতে রাজ্যপাল এবং রাজভবনের সাংবিধানিক মর্যাদাকে অসম্মান করছেন। বিধায়কদের শপথ নেওয়ার ব্যাপারে রাজ্যপালই শেষ কথা বলেন। তাই এই নিয়ম না মানলে কড়া শাস্তির মুখেও পড়তে হতে পারে বিধায়কদের, হতে পারে জরিমানাও, জানিয়েছে রাজভবন।