Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ভোটের কথা ভেবেই বিজেপির প্রবীণ মন্ত্রীদের ইস্তফা, মনে করাচ্ছে কামরাজ প্ল্যানের কথা

দ্য ওয়াল ব্যুরো : বুধবার সকালেই জানা গিয়েছিল, সন্ধ্যা ছ'টায় মন্ত্রিসভা সম্প্রসারণের কথা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রে মোট ৮১ জন মন্ত্রী হতে পারেন। সেখানে মন্ত্রী আছেন ৫২ জন। সুতরাং আরও ২৯ জনকে মন্ত্রী করা যেতে পারে। কে ক

ভোটের কথা ভেবেই বিজেপির প্রবীণ মন্ত্রীদের ইস্তফা, মনে করাচ্ছে কামরাজ প্ল্যানের কথা

শেষ আপডেট: 7 July 2021 13:21

দ্য ওয়াল ব্যুরো : বুধবার সকালেই জানা গিয়েছিল, সন্ধ্যা ছ'টায় মন্ত্রিসভা সম্প্রসারণের কথা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রে মোট ৮১ জন মন্ত্রী হতে পারেন। সেখানে মন্ত্রী আছেন ৫২ জন। সুতরাং আরও ২৯ জনকে মন্ত্রী করা যেতে পারে। কে কে মন্ত্রী হতে পারেন, তা নিয়ে জল্পনা চলছিল। সম্ভাব্য কয়েকটি নাম ভাসছিল হাওয়ায়। চমক শুরু হয় দুপুর থেকে। প্রথমে শোনা যায়, শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এবং আরও কয়েকজন মন্ত্রী ইস্তফা দিয়েছেন। কিছুক্ষণ পরে শোনা যায়, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ও শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ারও মন্ত্রিত্ব ছেড়েছেন। একটি সূত্রে শোনা যায়, করোনার দ্বিতীয় ওয়েভ যখন তুঙ্গে তখন যেভাবে অক্সিজেন বা হাসপাতালের বেডের অভাব দেখা গিয়েছিল, তাতে মোদী স্বাস্থ্যমন্ত্রীর ওপরে অসন্তুষ্ট হয়েছিলেন। গতবছর লকডাউনে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর যথাযথ ব্যবস্থা করতে না পারায় তিনি অসন্তুষ্ট হয়েছিলেন শ্রমমন্ত্রীর ওপরে। তাই দু'জনকে সরতে হয়েছে। মোদী মন্ত্রিসভা সম্প্রসারণের কথা ঘোষণা করার অল্প আগে শোনা যায়, তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ এবং পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকরও ইস্তফা দিয়েছেন। এতগুলি ইস্তফার খবরে নড়েচড়ে বসেন সকলে। অনেকের মনে পড়ে কামরাজ প্ল্যানের কথা। তামিলনাড়ুর প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী কুমারস্বামী কামরাজ ১৯৬৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে প্রস্তাব দেন, দলের প্রবীণ নেতারা সরকারি পদ ছেড়ে সংগঠনে মন দিন। সেইমতো অনেক মন্ত্রী পদত্যাগ করেন। তাঁদের  সংশ্লিষ্ট রাজ্যে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়। কামরাজ নিজেও মুখ্যমন্ত্রী পদটি ত্যাগ করেন। বুধবারের রদবদলের পরে কেন্দ্রে মোদী মন্ত্রিসভায় এখন প্রায় ৫০ শতাংশ মন্ত্রীই নতুন। বিজেপি নেতৃত্ব বলছে সরকারে গতি আনার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু পর্যবেক্ষকদের ধারণা, মোদী ২০২৪-এর লোকসভা ভোটের কথা মাথায় রেখে দলকে গোছাতে চাইছেন। আগামী লোকসভা ভোটের আগে জিততে হলে আগে বেশ কয়েকটি হার্ডল পেরোতে হবে বিজেপিকে। প্রথমত উত্তরপ্রদেশে ভোটে জিততে হবে। দ্বিতীয়ত গুজরাতে ভাল ফল করতে হবে। তৃতীয়ত কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনের ধাক্কা সামলে পাঞ্জাবেও দলকে গুছিয়ে নিতে হবে। এই পরিস্থিতিতে বিজেপির সংগঠনে এখন অভিজ্ঞ নেতাদের প্রয়োজন। অনেকের ধারণা, দলের প্রবীণ মন্ত্রীদের ইস্তফা দেওয়ানো মোদীর পক্ষে সহজ হয়নি। প্রকাশ জাভড়েকর সরকারের মুখপাত্রের কাজ করতেন। বিরোধীদের আক্রমণের মোকাবিলায় রবিশংকর প্রসাদকে এগিয়ে দিত দল। তাঁরা যদি স্বেচ্ছায় ইস্তফা দিতেন, তাহলে একবারেই শোনা যেত, অমুক অমুক মন্ত্রী ইস্তফা দিয়েছেন। কিন্তু যেভাবে মন্ত্রীরা দফায় দফায় ইস্তফা দিলেন, তাতে মনে হয়, আরএসএস, দল ও রাজ্য শাখাগুলির বিরাট চাপ ছিল মোদীর ওপরে। পর্যবেক্ষকদের মতে, মন্ত্রীদের এই ইস্তফায় দলে ও দলের বাইরে মোটেই ভাল বার্তা গেল না।

```