
শেষ আপডেট: 21 August 2023 14:11
দ্য ওয়াল ব্যুরো: নিউমার্কেট চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড (New Market Fire Broke out)। সোমবার বিকেলে আচমকাই আগুন লেগে যায় নিউমার্কেটের সিমপার্ক মলের সামনের চত্বরে। দ্রুত আগুন ছড়াতে শুরু করে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়াতে থাকে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন।
জানা গেছে, সোমবার বিকেল চারটে নাগাদ হঠাৎই আগুন লাগে সিমপার্ক মলের (Simpark Mall) প্রবেশদ্বারের সামনে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা ছুটে আসেন আগুন নেভাতে। জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা এত বেশি ছিল, যে কিছুতেই নিয়ন্ত্রণে আসছিল না। ঘটনাচক্রে এদিন বন্ধ ছিল সিমপার্ক মল। তাই বড়সড় বিপদের হাত থেকে রক্ষা মিলেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়, তবে স্থানীয়দের কথায়, ওই চত্বরে বসে অনেকেই ধূমপান করেন। তাঁদেরই কারও সিগারেট থেকে আগুনের ফুলকি ছিটকে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে আসেন ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রিয়াঙ্কা সাহা। তিনি গোটা ঘটনার তদারকি করেন। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। সিগারেটের কারণে আগুন লাগার অভিযোগ নিয়ে তিনি জানান, এ ব্যপারে কলকাতা পুরসভা যাতে কড়া পদক্ষেপ গ্রহণ করে সেটা দেখবেন।
আরও পড়ুন: খড়্গপুরের বিস্কুট কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! ৬ ঘণ্টা ধরে জ্বলল দাউদাউ করে