
শেষ আপডেট: 21 July 2022 06:22
দ্য ওয়াল ব্যুরো: প্যাকেট করা চাল, ডালের উপর ৫ শতাংশ জিএসটি (New GST Rate 5%) চাপিয়েছে সরকার। সোমবার থেকে তা কার্যকর হয়েছে। তা নিয়ে যখন বিভিন্ন মহলে অসন্তোষ তৈরি হয়েছে তখন মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, আটা, ময়দা, চাল, বেসন ইত্যাদি ১১টি পণ্য খুচরো তথা লুজ কিনলে তার উপর জিএসটি দিতে হবে না।
কোন ১১টি জিনিস খুচরো বিক্রি করলে জিএসটি দিতে হবে না তা মঙ্গলবার টুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেগুলি হল-
এদিন সীতারামন ১৪টি ধারাবাহিক টুইট করে বলেছেন, প্যাকেট করা খাদ্যশস্যের (pre-packed and pre-labelled items) উপর জিএসটি ধার্য করা হবে কিনা তা কোনও এক ব্যক্তির মর্জির উপর নির্ভর করে না। এই সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের (GST Council) বৈঠকে নেওয়া হয়েছে।
তাঁর কথায়, “সম্প্রতি জিএসটি কাউন্সিলের ৪৭ তম মিটিং হয়েছে। তাতেই স্থির হয়েছে ডাল, ময়দা ইত্যাদি প্যাকেট করে বিক্রি করা হলে তার উপর জিএসটি ধার্য করা হবে। কিন্তু সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হলেও এ ব্যাপারে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”
কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও বলেন, এমন নয় যে এই সব খাদ্যপণ্যের উপর এই প্রথম কর ধার্য করা হচ্ছে। অতীতে জিএসটি যখন চালু হয়নি তখনও রাজ্য সরকারগুলো কর আদায় করত। পাঞ্জাব এর থেকে ২ হাজার কোটি টাকার বেশি কর আদায় করেছে। উত্তরপ্রদেশ ৭০০ কোটি টাকা কর আদায় করেছে। সে সব কথা মাথায় রেখেই ব্র্যান্ডেড খাদ্যশস্যের উপর ৫ শতাংশ হারে জিএসটি আদায়ের সিদ্ধান্ত হয়। এক মাত্র যে ব্র্যান্ডগুলি রেজিস্টার্ড রয়েছে সেগুলির উপরেই জিএসটি ধার্য করা হবে বলে স্থির হয়েছিল। কিন্তু তার পর তার অপব্যবহার শুরু হয়ে যায়। অর্থাৎ কর ফাঁকি দেওয়া শুরু হয়। সেই কারণেই বলা হয়েছে, সমস্ত প্যাকেট করা খাদ্যপণ্যের উপরই ৫ শতাংশ হারে জিএসটি দিতে হবে।
আরও পড়ুন: টাকার দাম পড়ছে তো পড়ছেই, কার সর্বনাশ কারই বা পৌষ মাস?