দ্য ওয়াল ব্যুরো: সার্বণ রায়ের নতুন বই 'এচিংস অফ দ্য ফার্স্ট কোয়ার্টার অফ ২০২০' সদ্য প্রকাশ পেল। বই-প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তাঁর হাত দিয়েই এই বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে। একটা গোটা উপন্যাস আর কিছু কবিতা দিয়েই সাজানো হয়েছে বইটি।
উপন্যাসের বিষয়বস্তু নিয়ে লেখক অল্প কিছু কথা জানিয়েছেন। একজন সৎ ফাদার এবং সন্তানের কথোপকথন রয়েছে এই উপন্যাস জুড়ে। দেখা যাবে বিশ্বের নামকরা ব্যক্তিত্বদের মনস্তত্ত্ব থেকে শুরু করে নানা বিষয়বস্তু নিয়েই তাঁদের দুজনের আলোচনা চলছে। এমন ভাবেই কথোপকথন এগিয়েছে, মনে হবে সামনে বসেই যেন কেউ কথা বলছেন।

আলোচনায় এসেছে রুশ লেখক নভোকভের 'ললিতা'র একটি চরিত্র হাম্বার্ট হাম্বার্ট, অ্যানা কারেনিনা এবং নিখিলেশের চরিত্র। এছাড়াও চিন্তাশীল ব্যক্তিত্ব হেগেল,মার্কস, হাইজেনবার্গের প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে। বলশেভিক বিপ্লবের কথাও বাদ যায়নি। মনোরোগ থেকে প্রেম সবকিছু নিয়েই নতুন ধারণার অবতারণা করা হয়েছে এই উপন্যাসে। লেখকের ষষ্ঠ প্রকাশিত বই এটি।
নিঃসন্দেহে মানুষকে ভাবাবে এই উপন্যাস। সাবর্ণ রায় আশা করছেন তাঁর কবিতা পড়েও অনেকের ভাল লাগবে। উপন্যাসের পরেই রয়েছে ২০টি কবিতা। যা পড়ে চমকে উঠতে পারেন পাঠক। এই কবিতাগুলির বিষয়বস্তুর সঙ্গে উপন্যাসের কিছুটা সাযুজ্যও রয়েছে। কিন্ডলে এই বইয়ের মূল্য ধার্য করা হয়েছে ৭৫ টাকা। তাছাড়াও দেশের সমস্ত নামী বুকস্টোরে পাওয়া যাবে তাঁর বই।

বই-প্রকাশ অনুষ্ঠানেই কলকাতার বইপ্রেমী মানুষেরা সাবর্ণ রায়ের কণ্ঠে কবিতা পাঠও শুনেছেন। সেই অনুষ্ঠানেই তাঁর লেখা বিখ্যাত বই 'পেনট্যাকেলস'-এর কয়েকটি অংশ অডিও-ভিডিওর মাধ্যমে দেখতেও পেয়েছেন সকলে। এই পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন রেডিও জকি আরজে রয়।
সাবর্ণ রায় পেশায় একজন ইঞ্জিনিয়ার হলেও, তিনি একজন পরিচিত লেখক। তাঁর ছ'টি বই রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল বইপ্রেমীদের মধ্যে। এমনকি বই সমালোচকরাও তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এর আগে। 'পেনট্যাকেলস', 'ফ্রোস্টেড গ্লাস', 'অ্যাবিস', 'উইন্টার পোয়েমস', 'ব়্যান্ডম সাবট্যারেনিয়ান মোজাইক: ২০১২-২০১৮'-- এগুলি তাঁর উল্লেখযোগ্য বই। তাঁর লেখা টেকনিক্যাল বই আটটি ইউরোপীয়ান ভাষায় অনুবাদও করা হয়েছে।

২০১৯ সালে 'লিটেরোমা লরিয়েট অ্যাওয়ার্ড'-এ তাঁকে পুরস্কৃত করা হয়েছিল। তাছাড়াও 'ব়্যান্ডম সাবট্যারেনিয়ান মোজাইক: ২০১২-২০১৮' বইটি সেই বছরই সেরা বইয়ের সম্মান পেয়েছিল। সাবর্ণ রায়ের নতুন বইটি লিডস্টার্ট পাবলিশিং হাউস থেকে প্রকাশিত হয়েছে। সারাবিশ্বের নামী লেখকদের বই প্রকাশিত হয় এই পাবলিশিং হাউজ থেকে। তাদের কাজের কারণেই খ্যাতি ছড়িয়ে আছে বিশ্বের নানা প্রান্তে।
আগামী ফেব্রুয়ারি মাসে লেখকের আরও একটি বই 'ফ্র্যাকচারড মোজাইক' প্রকাশিত হতে চলেছে। যেখানে করোনাকালে লকডাউনের সময় কিভাবে মানুষ ঘরবন্দি অবস্থায় দিন কাটিয়েছে, বাড়িতে থেকে অফিসের কাজ করেছে, শিশুদেরই বা মানসিক অবস্থা কী হয়েছিল, সেসব নিয়ে আলোচনা করা হয়েছে।