দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় পেসারদের সামনে খড়কুটোর মতো উড়ে গিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ১০৬ রানে গুটিয়ে গিয়েছে গোপালি টেস্টে মুসফিকুরদের প্রথম ইনিংস। এরসঙ্গেই বাংলাদেশ শিবিরের কপালে ভাঁজ ফেলল লিটন দাস ও নইম হাসানের চোট। দু’জনেই মহম্মদ শামির বাউন্সারে আহত হয়েছেন। লিটনের চোট গুরুতর। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে।
প্রথমে শামির বাউন্সার লাগে লিটনের হেলমেটে। পরের ওভারে একই জায়গায় ইশান্তের বাউন্সারে আঘাত পান তিনি। এরপর আর ক্রিজে থাকা সম্ভব হয়নি। ‘রিটায়ার্ড হার্ট’ হন লিটন দাস। ‘কনকাশন সাব’ হিসেবে লিটনের জায়গায় ব্যাট করতে আসেন মেহেদি হাসান।
এরপর ২৩ ওভার চলাকালীন ফের শামির বাউন্সার লাগে নইমের হেলমেটে। তিনি যদিও মাঠ ছাড়েননি। কিন্তু ফিল্ডিং করতে নামতে পারেননি এই বাংলাদেশের ক্রিকেটার।
নইম শনিবার সকালে নামতে পারবেন বলে আশাবাদী বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে লিটনকে নিয়ে চিন্তা রয়েছে বলে জানিয়েছেন তাঁরা। যদিও হাসপাতাল সূত্রে খবর, লিটনের স্ক্যান হয়েছে। তাঁর আঘাত গুরুতর নয়।