
শেষ আপডেট: 17 December 2022 15:12
দ্য ওয়াল ব্যুরো: এবার শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের ছায়া রাজস্থানের (Rajasthan) জয়পুরে। ঠিক একইভাবে ধারালো অস্ত্র দিয়ে খুন করে দেহ টুকরো টুকরো (body chop) করে ছড়িয়ে দেওয়ার মতো নৃশংস খুনের ঘটনা আবার সামনে এসেছে। জানা গেছে, নিজের পিসিকে খুন (murder) করার পর দেহ ১০ টুকরো করে জঙ্গলে ছড়িয়ে দিয়েছে তাঁর ভাইপো (nephew)।
জানা গেছে, নিহত মহিলার নাম সরোজ শর্মা (৬৪)। স্বামীর মৃত্যুর পর দুই মেয়েকে নিয়ে ভাইপোর কাছেই থাকতেন ওই মহিলা। তাঁর এক ছেলের রয়েছে। তিনি বিদেশে থাকেন। অভিযুক্ত ভাইপো অনুজ শর্মা দেখভাল করত বিধবা পিসির। আর সংসার চালানোর সিংহভাগ খরচ জোগাতেন সেই পিসি।
সব ঠিকঠাকই চলছিল। গোল বাঁধে অন্য জায়গায়। কিছুদিন ধরেই সরোজ শর্মা অনুজের জীবনযাপন নিয়ে নিজের মতামত চাপিয়ে দিতে শুরু করেন। যা নিয়ে মাঝেমধ্যেই ঝামেলা বাঁধত পিসি-ভাইপোর। সম্প্রতি অনুজ দিল্লি যেতে চাইলে আবারও তাকে বাধা দেন তিনি। এরপরই ঘটে বিপত্তি! রাগের মাথায় হাতুড়ি দিয়ে পিসিকে মাথায় মারে অনুজ। সেখানেই লুটিয়ে পড়েন ওই বৃদ্ধা।
পুলিশ সূত্রে খবর, অনুজের আক্রমণের পর ঘটনাস্থলেই মৃত্যু হয় সরোজ শর্মার। এরপর অনুজ সেই দেহ লুকিয়ে ফেলার জন্য মার্বেল কাটার দিয়ে কেটে ১০ টুকরো করে। তারপর সেগুলি বস্তাবন্দি করে জাতীয় সড়কের পাশের জঙ্গলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়।
জানা গেছে, রান্নাঘরে রক্তের দাগ ধুতে গিয়েই ধরা পড়ে অনুজ। তাকে হাতেনাতে ধরে মৃতার মেয়ে পূজা। এরপর মৃতের মেয়ে পূজা পুলিশের কাছে অনুজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।