দ্য ওয়াল ব্যুরো : বুধবার নেপালের তেহরাথুম জেলায় ভেঙে পড়ল একটি হেলিকপ্টার। দুর্ঘটনায় মারা গেলেন নেপালের পর্যটনমন্ত্রী রবীন্দ্র অধিকারী। মন্ত্রী গিয়েছিলেন দেশের পূর্বে তাপলেজুং জেলায়। সেখান থেকে আকাশপথে তেহরাথুম জেলায় যাওয়ার পথে হেলিকপ্টার ভেঙে পড়ে। কপ্টারে আরও ছ'জন ছিলেন। তাঁরা সকলেই মারা গিয়েছেন।
নেপালে এর আগে একাধিক বিমান ও হেলিকপ্টার ভেঙে পড়েছে। সেদেশের বেশ কয়েকটি রানওয়ে অত্যন্ত বিপজ্জনক। কারণ সেই রানওয়েগুলির কাছেই আছে উঁচু পর্বতচূড়া। অভিজ্ঞ পাইলটরাও সেখানে বিমান নামাতে হিমশিম খান। গতবছর এপ্রিলে মালয়েশিয়ার একটি বিমান ১৩৯ জন যাত্রী নিয়ে ওড়ার সময় পিছলে রানওয়ের বাইরে চলে যায়। এক মাস আগে ইউএস-বাংলা এয়ারওয়েজের একটি বিমান বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে। ৫১ জন মারা যান। নেপালের এয়ারলাইন্সের বিমানগুলিকে ইউরোপীয় ইউনিয়নের এয়ারস্পেসে ওড়া নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।