
শেষ আপডেট: 15 January 2023 03:33
দ্য ওয়াল ব্যুরো: পোষা কুকুরকে (Dog) নিয়ে রাতে হাঁটতে বেরিয়েছিলেন। সেই নিয়েই এক প্রতিবেশীর (Neighbours) শুরু হয় ঝগড়া। শেষ অবধি বিবাদ এমন পর্যায়ে পৌঁছয় যে, ওই যুবক এবং তাঁর বাবাকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে (Acid Attack) মারে ওই প্রতিবেশীরা। যুবক বেঁচে গেলেও তাঁর বাবার শরীরের অনেকখানি অংশ অ্যাসিডে পুড়ে যায়। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির উত্তমনগর এলাকায়।
রাজেশ্বর নামের ওই ব্যক্তিকে দিল্লি এইমসে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে তাঁর শরীরের কতখানি অংশ পুড়ে গিয়েছে, সে বিষয়ে ডাক্তার বা হাসপাতাল কর্তৃপক্ষ কিছুই জানায়নি। এদিকে ঘটনার পরেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করে আক্রান্তের ছেলে অভিষেক কুমার। এরপরই ওই অভিযুক্তদের আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে খাওয়া-দাওয়ার পর বাড়ির পোষা কুকুরটিকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন অভিষেক। সেইসময় ওই প্রতিবেশীদের বাড়ির কাছে পৌঁছতেই তারা গালিগালাজ করতে শুরু করে, এমনকী তাঁদের লক্ষ্য করে ঢিলও ছোড়ে। এই নিয়েই দু'পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। চিৎকার-চেঁচামেচি দেখে বাড়ি থেকে ছুটে আসেন রাজেশ্বরবাবুও। এরপরেই দুজনকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে প্রতিবেশীরা।
ধীরে ধীরে ডুবছে জোশীমঠ, ২ ফুট ভূমিধস! প্রকাশ্যে ইসরোর রিপোর্ট