
শেষ আপডেট: 18 February 2024 18:48
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: বধূর কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। আক্রান্ত বধূ ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি। তাঁর চিকিৎসা চলছে। বধূর স্বামী রবিবার ক্যানিং থানায় চার প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্যানিং থানার গোপালপুর গ্রামপঞ্চায়েতের আমতলার এলাকার বাসিন্দা ওই বধূ। তাঁদের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী সাইফুল লস্কর, ইন্ন লস্কর, সাকিয়া সরদার ও সেরিনা লস্করদের বিবাদ চলছে। এই বিবাদই চরমে ওঠে শনিবার রাতে। প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া জড়িয়ে পড়েন ওই বধূ। এদিন ঝগড়া চলার সময়ে ওই চার প্রতিবেশী ও তাদের পরিবারের লোকজন অভিযোগকারিণীর উপর চড়াও হয়। তাকে বেধড়ক মারধর করে। ডান কান ছিঁড়ে দেয় বলে অভিযোগ।
স্থানীয়রা আক্রান্ত ওই বধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মারাত্মক জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার ক্যানিং থানায় আক্রান্তের স্বামীর অভিযোগ দায়ের করার পরেই তদন্ত নামে পুলিশ। তবে ঘটনার পরেই এলাকায় থেকে বেপাত্তা অভিযুক্তরা। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।