
শেষ আপডেট: 17 September 2023 02:14
দ্য ওয়াল ব্যুরো: প্রতিটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া নিজের এবং ক্রীড়াপ্রেমীদের একেবারে অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন। গত এক বছরে হেন কোনও প্রতিযোগিতা নেই, যেখানে তিনি প্রথম হননি। কিন্তু শনিবার রাতে আর পারলেন না। ডায়মন্ড লিগের ফাইনালে (Diamond League final) ব্যর্থ হলেন ভারতের ‘সোনার ছেলে’ নীরজ চোপড়া (Neeraj Chopra)। এ বছর প্রথম কোনও টুর্নামেন্টে দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। ফাইনালে তাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন জ্যাকুব ভাদলেচ।
গতবছরেও ডায়মন্ড লিগে চ্যাম্পিয়নের খেতাব জিতেছিলেন। এবছর সেটাই ধরে রাখার লড়াই ছিল। কিন্তু টানা একের পর এক প্রতিযোগিতায় নেমে হয়তো ক্লান্তি গ্রাস করেছিল। এমনকী চোটও রয়েছে তাঁর। আর সেই চোটই পুরোপুরি না সারায় ডায়মন্ড লিগের ফাইনালে নিজের লক্ষ্যভেদ করতে পারলেন না। চ্যাম্পিয়ন হওয়া জ্যাকুব ভাদলেচ ফাইনালে ৮৪.২৪ মিটার জ্যাভলিন ছোড়েন। অন্যদিকে, ভারতীয় তারকা নীরজ চোপড়া ৮৩.৮০ মিটার ছুড়ে দ্বিতীয় হন।
গতবছরেই ডায়মন্ড জিতেছিলেন। তাই এবার খেতাব ধরে রাখার লক্ষ্যেই প্রতিযোগিতায় নেমেছিলেন। তাঁকে ঘিরে সবার প্রত্যাশাও ছিল বিশাল। কিন্তু শেষ অবধি তা সফল হল না। ফাইনালে শুরু থেকেই বেশ বেকায়দায় পড়তে হয়েছে নীরজকে। ইউজিনের প্রচণ্ড হাওয়ায় কিছুতেই লক্ষ্য স্থির রেখে জ্যাভলিন ছুড়তে পারছিলেন না। যার ফলে দু-বার ফাউলও করেন। দ্বিতীয় প্রচেষ্টায় ফাইনালে তাঁর সেরা থ্রো আসে। ৮৩.৮০ মিটার ছোড়েন। কিন্তু এরপর থেকেই ক্রমশ দূরত্ব কমেছে। আর তাই শেষ অবধি দ্বিতীয় হয়েই সেখান থেকে দেশে ফিরতে হবে নীরজকে।
একযুগ পরে ফাইনালে ভারত-শ্রীলঙ্কা, রুদ্ধদ্বার বৈঠক রোহিতদের, বিপক্ষ দলে নেই সেরা স্পিনার