দ্য ওয়াল ব্যুরো: রুশ টিকা স্পুটনিক ভি-র তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে ভারতে। হায়দরাবাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ডক্টর রেড্ডিস ল্যাবরেটরির সঙ্গে চুক্তি করে দেশে টিকার ট্রায়াল চালাচ্ছে রাশিয়ার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড তথা আরডিআইএফ। রেড্ডিস আগেই বলেছিল এ বছরেই টিকার ১০ কোটি ডোজ তৈরি হয়ে যাবে। তবে রাশিয়া জানিয়েছে, ভারতেই টিকার বিপুল উৎপাদনের জন্য তৈরি তারা। আগামী বছরের মধ্যে ৩০ কোটি ডোজ তৈরির প্রস্তুতি শুরু হয়ে গেছে।
আরডিআইএফের সিইও কিরিল দিমিত্রিয়েভ জানিয়েছেন, ভারতে বিপুল উৎপাদনের জন্য কয়েকটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সঙ্গে চুক্তি করা হবে। তবে কোন কোন কোম্পানি রুশ টিকা তৈরির দায়িত্ব নেবে তা এখনও জানানো হয়নি। দিমিত্রিয়েভের বক্তব্য, ভারতের কয়েকটি ভ্যাকসিন নির্মাতা সংস্থার বিপুল টিকার ডোজ উৎপাদনের পরিকাঠামো রয়েছে। তাই সেক্ষেত্রে কোনও সমস্যাই হবে না।
রাশিয়ায় প্রতিরক্ষা মন্ত্রকের তত্ত্বাবধানে করোনার ভ্যাকসিন তৈরি করছে গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি। সংস্থার ডিরেক্টর অলেক্সান্ডার গিন্টসবার্গ দাবি করেছেন, স্পটনিক ভি টিকা টানা দু’বছর করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে পারবে। তাঁর বক্তব্য, ইবোলার টিকা যেভাবে তৈরি হয়েছিল, স্পুটনিক ভি-ও অনেকটা সেভাবেই তৈরি। তবে করোনার টিকা আরও বেশি শক্তিশালী। গিন্টসবার্গের কথায়, সরাসরি করোনার স্পাইক প্রোটিন ব্যবহার না করে অন্য ভাইরাসের সঙ্গে আরএনএ প্রোটিন মিলিয়ে ভ্যাকসিন ক্যানডিডেট ডিজাইন করা হয়েছে। সর্দি-কাশির জন্য দায়ী যে অ্যাডেনোভাইরাস, তাকেই ভেক্টর হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই অ্যাডেনোভাইরাস মামুলি সর্দি-জ্বর ছড়ায়, প্রাণঘাতী সংক্রমণ ছড়াতে পারে না। অ্যাডেনোভাইরাসকে নিষ্ক্রিয় করে তার মধ্যে করোনার স্পাইক (S) প্রোটিন মিশিয়ে ভ্যাকসিন তৈরি হয়েছে। ভাইরোলজিস্টরা জানিয়েছেন, করোনার যে আরএনএ প্রোটিন স্ক্রিনিং করা হয়েছে তাকে আগে নিষ্ক্রিয় করে নেওয়া হয়েছে বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতিতে, যাতে এই ভাইরাল স্ট্রেন শরীরে ঢুকলে প্রতিলিপি তৈরি করে সংখ্যায় না বাড়তে পারে। গ্যামেলিয়া দাবি করেছে, স্পুটনিক টিকা মানুষের শরীরে ৯৫ শতাংশ কার্যকরী হয়েছে।
কলকাতাতেও রুশ টিকার তৃতীয় স্তরের ট্রায়াল শুরু হয়েছে। কলকাতার পিয়ারলেস হাসপাতালে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবকের উপরে হবে এই ট্রায়াল। তবে ট্রায়ালের আগে স্বেচ্ছাসেবকদের শারীরিক পরীক্ষা করে নেওয়া হবে বলে জানা গিয়েছে।