দ্য ওয়াল ব্যুরো : গত ৩০ অক্টোবর ২৯ টি বিধানসভা ও তিনটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন (Bypoll) হয়। মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয় গণনা। দুপুর অবধি ফলাফলের যে ট্রেন্ড, তাতে দেখা যায়, মধ্যপ্রদেশ ও অসমে মোট ন'টি বিধানসভা আসনে এগিয়ে আছে বিজেপি। হিমাচল প্রদেশে চারটি আসনে এগিয়ে আছে কংগ্রেস।
অসমে ভবানীপুর আসনে এগিয়ে আছেন বিজেপির ফণীধর তালুকদার, মারিয়ানি আসনে এগিয়ে আছেন রূপজ্যোতি কুমারী এবং থোওরা কেন্দ্রে এগিয়ে আছেন সুশান্ত বরগোহাইয়িঁ। তাঁরা তিনজনই মার্চ-এপ্রিলে বিধানসভা ভোটে বিরোধী দলের প্রার্থী হিসাবে জিয়েছিলেন। পরে তাঁরা বিজেপিতে যোগ দেন। তালুকদার জিতেছিলেন এআইইউডিএফ প্রার্থী হিসাবে। কুমারী ও বরগোহায়িঁ ছিলেন কংগ্রেসের প্রার্থী।
অসমে বিজেপির জোটসঙ্গী ইউপিপিএল প্রার্থী জিরোন বসুমাতারি এবং জোলেন দইমারি যথাক্রমে গোঁসাইগাঁও এবং তামুলপুর আসনে এগিয়ে আছেন। অসমে পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রায় ৮ লক্ষ মানুষ ভোট দিয়েছেন। ভোটদানের হার ছিল ৭৪.০৪ শতাংশ।
ভোপাল থেকে পাওয়া খবরে জানা যায়, মধ্যপ্রদেশের খান্ডোয়া লোকসভা আসনে এগিয়ে আছে বিজেপি। তিনটি বিধানসভা কেন্দ্রেও এগিয়ে আছে গেরুয়া ব্রিগেড। হিমাচল প্রদেশে মান্ডি লোকসভা আসন ও তিনটি বিধানসভা আসনে এগিয়ে আছে কংগ্রেস। মেঘালয়ে শাসক এনপিপি জিতেছে রাজবালা বিধানসভা কেন্দ্রে।
শনিবার যে বিধানসভা আসনগুলিতে উপনির্বাচন হয়েছে, তার মধ্যে আছে পশ্চিমবঙ্গের চারটি ও অসমের পাঁচটি। এছাড়া আছে মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ ও মেঘালয়ে তিনটি করে, বিহার, কর্ণাটক ও রাজস্থানে দু'টি করে এবং অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, মিজোরাম ও তেলঙ্গানায় একটি করে আসন। যে লোকসভা আসনগুলিতে উপনির্বাচন হয়েছে, তার মধ্যে আছে দাদরা ও নগর হাভেলি, হিমাচল প্রদেশের মান্ডি ও মধ্যপ্রদেশের খান্ডোয়া। তিনটি লোকসভা আসনেই সাংসদরা মারা গিয়েছিলেন। তাই সেখানে উপনির্বাচন করতে হয়।
উপনির্বাচনে গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে আছেন আইএনএলডি-র অভয় চৌতালা। তিনি কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরোধিতা করে বিধায়ক পদ ত্যাগ করেছিলেন। এছাড়া আছেন হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং-এর স্ত্রী প্রতিভা সিং, জাতীয় স্তরের প্রাক্তন ফুটবলার ইউজেনিসন লিংডো এবং তেলঙ্গানার প্রাক্তন মন্ত্রী ইয়াতালা রাজেন্দর।