দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয় দফার ভোট শুরুর আগেই মাওবাদী তাণ্ডবে আতঙ্ক ছড়াল ওড়িশার কন্ধমালে। গাড়ি থেকে নামিয়ে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হলো এক মহিলা পোলিং অফিসারকে। সেই সঙ্গে জখম আরও চার ভোটাধিকারিক।
পুলিশ জানিয়েছে, নিহতের নাম সংযুক্তা দিঘল। ফুলবানি বুথে দায়িত্ব পড়েছিল তাঁর। চার জন অফিসারের সঙ্গে গাড়িতে বুথের দিকে রওনা দিয়েছিলেন গতকাল বিকেলেই। বালান্দাপাড়া গ্রামের জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি ঘিরে ধরে মাওবাদীরা। এলোপাথাড়ি চলে গুলি। মাথায় গুলি লাগে সংযুক্তার । জখম হন বাকি অফিসাররাও। খবর পেয়ে ছুটে আসেন বুথের দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা। তাঁরাই সকলকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় মহিলার। বাকিদের অবস্থাও গুরুতর।
আজ, ১৮ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ কন্ধমালে। বালিগুড়া, ফুলবানি ও জি উদয়গিরি, এই কেন্দ্রের তিনটি বুথই স্পর্শকাতর। দিন কয়েক আগে কন্ধমালেই ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটিয়েছিল মাওবাদীরা। ভোটের ডিউটিতে যাওয়ার সময় পোলিং অফিসারদের একটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল।
নির্গেবাচন প্রক্রিয়া ভণ্ডুল করতে বারে বারেই সক্রিয় হতে দেখা গেছে মাওবাদীদের। দিন দুই আগে ঝাড়খণ্ডের গিরিডিতে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় তিন মাওবাদীর। সংঘর্ষে প্রাণ হারান এক সিআরপি জওয়ানও। নির্বাচনী প্রচারে বেরিয়ে মাওবাদীদের হাতে খুন হন ছত্তীসগড়ের বস্তারের বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডবী। আইইডি বিস্ফোরণে দুমড়েমুচড়ে যায় তাঁর গাড়ি। মৃত্যু হয় চার জওয়ানের।