
নওসাদ সিদ্দিকি - ফাইল চিত্র
শেষ আপডেট: 16 May 2024 15:20
দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েকদিন নির্বাচনী বঙ্গে রাজনৈতিক প্রাঙ্গণে আইএসএফকে সেভাবে দেখা যাচ্ছিল না। বস্তুত দলের তরফে ডায়মন্ড হারবারে নওসাদ সিদ্দিকির প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত ঘোষিত হওয়ার পর থেকেই কিছুটা ব্যাকফুটে চলে যায় একদা বাম শরিক আপাতত একক পথিক আইএসএফ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নওসাদ সিদ্দিকির চ্যালেঞ্জ এবং ডায়মন্ড হারবারে তাঁর না দাঁড়ানো নিয়ে কম ব্যঙ্গবিদ্রুপ হয়নি। কিন্তু এবার দলীয় পতাকাকে কেন্দ্র করে আবার সংবাদে ফিরলেন নওসাদ এবং আইএসএফ।
উত্তর চব্বিশ পরগনার শাসনে দলের পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে তৃণমূল ও আইএসএফের। ঘটনাস্থলে সেই সময়ে ছিলেন না আইএসএফের একমাত্র বিধায়ক। পরে খবর পেয়ে তিনি সেখানে আসেন। এবং দেখা যায় তিনি আঙুল তুলে রীতিমত ধমক দিচ্ছেন পুলিশ কর্মীদের। এক পুলিশ আধিকারিককে তিনি বলেন, “আপনি পুলিশ, পুলিশের মতো কাজ করুন, তৃণমূলের হয়ে কাজ করবেন না।“ শাসনের এসডিপিওকে সরাসরি ‘দালাল’ বলে উল্লেখ করে উত্তেজিত নওসাদকে বলতে শোনা যায়, “হাইকোর্ট এখনও বন্ধ হয়ে যায়নি…।“
নওসাদের ঝাঁঝালো আক্রমণের জবাবে চুপ করে ছিলেন না এসডিপিও। তিনি ভাঙ্গরের বিধায়ককে সাবধান করে দিয়ে বলেন, “আমরা এখানে দু’দিন ধরে কাজ করছি, আপনি একজন সরকারি আধিকারিককে দালাল বলতে পারেন না।“ যদিও এরপরও আইএসএফ নেতা তাঁর মন্তব্য থেকে সরে আসেননি।
বসিরহাট লোকসভা এলাকায় আজ বৃহস্পতিবার বেশ কয়েকটি জায়গায় সভা রয়েছে আইএসএফের। সেই উদ্দেশ্যেই দলীয় পতাকা লাগাচ্ছিলেন দলের কর্মী সমর্থকরা। সেই পতাকা লাগানোকে কেন্দ্র করেই তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে বচসা বাঁধে তাঁদের। সেই বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ এক আইএসএফ কর্মীকে বেধড়ক মারধর করে তৃণমূলের কর্মীরা। এই ঘটনার অভিযোগ জানাতে আইএসএফ কর্মীরা থানায় গেলে সেখানে এসে পোঁছন নওসাদ সিদ্দিকি। প্রবল উত্তেজিত হয়ে থানাতেই পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন বিধায়ক।