সন্ধে পর্যন্ত সময় দেওয়া হল সিধুকে, ইস্তফা গ্রহণের আগে বোঝানোর নির্দেশ হাইকমান্ডের
দ্য ওয়াল ব্যুরো: চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ সন্ধে পর্যন্ত সময় দেওয়া হল প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিং সিধুকে (sidhu)। এই মর্মে একটি নোটিস পাঠানো হয়েছে তাঁক। জানা গেছে, তাঁর পদত্যাগ এখনও গ্রহণ করেনি কংগ্রেস নেতৃত্ব। সূত্র
শেষ আপডেট: 29 September 2021 10:39
দ্য ওয়াল ব্যুরো: চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ সন্ধে পর্যন্ত সময় দেওয়া হল প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিং সিধুকে (sidhu)। এই মর্মে একটি নোটিস পাঠানো হয়েছে তাঁক। জানা গেছে, তাঁর পদত্যাগ এখনও গ্রহণ করেনি কংগ্রেস নেতৃত্ব। সূত্রের খবর, এই সময়ের মধ্যে সিধুকে বোঝানোর জন্য পঞ্জাবের স্থানীয় নেতাদের বিশেষ নির্দেশ দিয়েছে কংগ্রেস হাইকমান্ড।
আবার অন্যদিকে, পঞ্জাব কংগ্রেসের দলীয় নেতাদের অনেকের মত, সিধুর সব দাবি মানা উচিত নয় হাইকমান্ডের। তিনি কেন পদত্যাগ করলেন, সে বিষয়ে ক্ষোভ রয়েছে অনেকের মধ্যেই। তবে এই মুহূর্তে হাইকমান্ডের তরফে সরাসরি যোগাযোগ করা হচ্ছে না সিধুর সঙ্গে। অন্য নেতাদের মাধ্যমেই চলছে বোঝানোর পালা। প্রয়োজনে পরে ফের সিধুর সঙ্গে কথা বলা হতে পারে সনিয়া, রাহুল বা প্রিয়াঙ্কার তরফে।
এক কংগ্রেস নেতা জানিয়েছেন, সিধুর এই আচমকা পদত্যাগের সিদ্ধান্ত প্রবল অস্বস্তিতে ফেলেছে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে। তাঁরা সবে দু'মাস আগে সিধুকে প্রদেশ কংগ্রেসের সভাপতি করেছিলেন। কিন্তু এত তাড়াতাড়ি তিনি কেন পদত্যাগ করলেন, তা নিয়ে বিস্তর জল্পনা ঘনিয়েছে দলের অন্দরে।
সূত্রের খবর, জাঠ নেতা সুখজিন্দর রান্ধাওয়াকে পঞ্জাবের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করার পরেই অস্বস্তিতে পড়েন সিধু। এছাড়াও আর এক কংগ্রেস নেতা চরণজিৎ সিং চান্নির উত্থানও মানতে পারেননি তিনি। অনেকেই মনে করছেন, রান্ধাওয়া বা চান্নি দু'জনেই প্রতিপক্ষ হয়ে উঠতে পারেন সিধুর। ২০২২ সালে সিধুকে চ্যালেঞ্জ জানাতে পারেন তাঁরা। শুধু তাই নয়, ক্যাবিনেট গঠনের সময়ে সিধুর মত না নিয়ে অমরেন্দ্র সিং-ঘনিষ্ঠ বহু নেতাকে রাখায় ক্ষুণ্ণ হন সিধু।
এসবের পরেই সিধুর পদত্যাগে যথেষ্ট চাপে পড়েছে কংগ্রেস নেতৃত্ব। কারণ জল্পনা চলছে, যে সিধুর সমর্থনে আরও বেশ কয়েক জন মন্ত্রী পদত্যাগ করতে পারেন। ইথিমধ্যেই সিধুর প্রতি আনুগত্য জানিয়ে মন্ত্রিত্ব ছেড়েছেন কংগ্রেস নেত্রী রাজিয়া সুলতানা। দু'দিন আগেই চরণজিৎ চান্নির ক্যাবিনেট সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন তিনি।
এসবের মাঝে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন সিধু। তিনি নিজের পদত্যাগ নিয়ে যুক্তি দিয়ে বলেছেন, "আদর্শ ও নীতির সঙ্গে আপস করতে পারব না। আমার কোনও ব্যক্তিগত চাহিদা নেই। আমি শুধুই মানুষের জন্য কাজ করতে চেয়েছি।"
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'