
শেষ আপডেট: 23 December 2022 06:29
দ্য ওয়াল ব্যুরো: গাড়িতে সাত ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে কলকাতা থেকে বারাণসী (Kolkata Varanasi)। এ জন্য ভারতমালা প্রকল্পের অধীনে ছয় লেনের এক্সপ্রেসওয়ে তৈরির লক্ষ্যে জমি অধিগ্রহণের (acquire land) কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ছ’শো কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কের জন্য জমি নেওয়া হবে রাজ্যের ছয় জেলায়। সেগুলি হল, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওরা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া।
মুখ্যসচিব গতকাল নবান্নে (Navanna) এই ছয় জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন। রাজ্য সরকারের নীতিগত অবস্থান হল, বেসরকারি সংস্থার প্রকল্পের জন্য সরকার জমি অধিগ্রহণ করে দেবে না। জমি কিনে নিতে হবে বেসরকারি কোম্পানিকে। সরকারি প্রকল্পের ক্ষেত্রেও যথাসম্ভব জমি কেনার উপরই জোর দিতে বলা হয়েছে। তবে তা ছোট ও মাঝারিমানের প্রকল্পের ক্ষেত্রেই প্রযোজ্য। জাতীয় সড়ক, এক্সপ্রেসওয়ের মতো বড় প্রকল্পের ক্ষেত্রে জমি অধিগ্রহণ ছাড়া বিকল্প নেই। তাছাড়া, চলতি অধিগ্রহণ আইনে জমির ক্ষতিপূরণের অঙ্ক যথেষ্ট বেশি ধার্য করা আছে। ফলে জমি পেতে অসুবিধা হবে বলে মনে করছে না প্রশাসন।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডে ইতিমধ্যে এই সড়ক তৈরির জন্য জমি নেওয়ার কাজ শুরু হয়েছে। ওই দুই রাজ্যে কিছু এলাকায় কাজ শুরুর ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়ে গিয়েছে। আগামী মাসে কিছু জায়গায় কাজ শুরু হবে।
৬১০ কিলোমিটারের মধ্যে বাংলায় তৈরি হবে ২৪১ কিলোমিটার রাস্তা, যা বিহার, উত্তরপ্রদেশের তুলনায় বেশি। উত্তরপ্রদেশ অংশে তৈরি হবে মাত্র ২২ কিলোমিটার পথ। ঝাড়খণ্ড ও বিহারে তৈরি হবে যথাক্রমে ১৮৭ ও ১৫৯ কিলোমিটার রাস্তা।
বেহালায় ভয়াবহ দুর্ঘটনা, অ্যাপ বাইকে ধাক্কা লরির, ছিটকে রাস্তায় পড়ে মৃত্যু তরুণীর