
শেষ আপডেট: 10 January 2020 18:30
ভারতের আগে রাশিয়া, ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন ও চিন রণতরীর ডেকে যুদ্ধবিমান ল্যান্ড করানোর কৌশল আয়ত্ত করেছেন। ডিআরডিও জানিয়েছে, এদিনের মিশনের সফলতা নিঃসন্দেহে নৌসেনার শক্তি কয়েক গুণ বাড়িয়ে দেবে।
জেএফ-১৭ যুদ্ধবিমান নিয়ে পাকিস্তান যতই গর্ব করুক না কেন, সেই গর্ব চুরমার করতে তেজস যুদ্ধবিমানকে আরও শক্তিশালী করছে ভারত। লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজসের নতুন ভ্যারিয়ান্ট তৈরির গবেষণা চালাচ্ছে অ্যারোনটিক্যাল ডিজাইন এজেন্সি (ADA) এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল) । প্রাথমিক নকশাও তৈরি। ডিআরডিও জানিয়েছে, তেজস এলসিএ রণতরীর ডেকে সফলভাবে অ্যারেস্টেড ল্যান্ডিং করার পরে এর ‘টুইন ডেক বেসড ফাইটার (TEDBF)’ জেট বানানোর কাজ আরও সহজ হবে।
তেজসের বৈশিষ্ট্য হচ্ছে, শত্রুপক্ষের নজরদারির বাইরে থেকেও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুল নিশানায় আঘাত হানতে পারে তেজস। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ক্ষিপ্র গতির তেজসকে একে টার্গেট করা যেমন অসম্ভব, তেমনি আকাশে একে ধাওয়া করে যাওয়ায় বেশ কঠিন। তেজসের ককপিটে থাকা পাইলট সহজেই শত্রুপক্ষের মিসাইলের নাগালের বাইরে চলে যেতে পারেন লহমায়। তেজস একাটানা ২৩০০ কিলোমিটার উড়তে পারে। অনেক উঁচু থেকে হামলা চালানো, মাটির খুব কাছাকাছি নেমে গোলাবর্ষণ করা, প্রতিপক্ষের ফাইটারকে তাড়া করা, প্রতিকূল আকাশসীমায় ঢুকে বিপক্ষের ঘাঁটি এবং সমরসজ্জার নির্ভুল খবর নিয়ে আসা, এইসব কাজই করতে পারে তেজস ফাইটার জেট।