
শেষ আপডেট: 11 February 2024 19:08
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালিতে জনজাতি মহিলাদের উপর শাহজাহান বাহিনীর নির্যাতনের অভিযোগ উঠেছে। তা নিয়ে নড়েচড়ে বসল জাতীয় মহিলা কমিশন। ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্য প্রশাসনের কাছে তাঁরা এই ঘটনার রিপোর্ট তলব করেছে।
মহিলা কমিশনে পাঠানো চিঠিতে বলা হয়েছে, দিনের পর দিন পার্টি অফিসে উঠিয়ে গিয়ে মহিলাদের ধর্ষণ করার অভিযোগ উঠছে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনার সত্যতা যাচাই করে কমিশনকে বিস্তারিত রিপোর্ট দিতে হবে রাজ্য প্রশাসনকে।
সন্দেশখালির মহিলাদের অভিযোগ, শাহজাহানের অনুগামীরা রাত-বিরেতে তাঁদের পার্টি অফিসে উঠিয়ে নিয়ে যেত। সেখানে তাঁদের উপর নির্যাতন চালানো হত। এমনকী মিটিং মিছিলে যেতে না চাইলে, সেক্ষেত্রেও চাপ দিত শাহজাহান, উত্তম, শিবুর দলবল।
শনিবার এই একই বিষয়ে রিপোর্ট চেয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়েছে জাতীয় তফসিলি কমিশনও। তাঁরা রাজ্য প্রশাসনকে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলেছে।
কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার চিঠিতে জানিয়েছেন, সন্দেশখালিতে জনজাতির মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ পাওয়ার পরে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছিল, সেবিষয়ে জানতে চাওয়া হয়েছে। এই রিপোর্ট সন্তোষজনক না হলে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ সন্দেশখালি পরিদর্শনে যাবে।