
শেষ আপডেট: 18 February 2024 20:38
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালির গ্রাউন্ড জিরোয় এবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। সোমবার সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন তিনি। গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলার পর মঙ্গলবার তিনি রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
সন্দেশখালিকাণ্ডে দু’দিনের সফরে রাজ্যে আসছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। সোমবার সকালে কলকাতায় পৌঁছবেন তিনি। এরপর বিমানবন্দর থেকে সোজা সন্দেশখালির উদ্দেশে রওনা হবেন। এদিনই তিনি সন্দেশখালিতে মহিলাদের নির্যাতনের অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখবেন। এরপর মঙ্গলবার রেখা শর্মা রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গেও বৈঠক করবেন বলে সূত্রের খবর।
এর আগে জাতীয় মহিলা কমিশনের কয়েকজন প্রতিনিধি সন্দেশখালিতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। দিল্লি ফিরে গিয়ে কমিশনে রিপোর্ট জমা দেন তাঁরা। আর এবার খোদ সন্দেশখালিকাণ্ডের তদন্তে আসছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। ইতিমধ্যেই জাতীয় মহিলা কমিশনের তরফে রেখা শর্মার আসার বিষয়টি রাজ্য প্রশাসনকে জানানো হয়েছে।
গত কয়েকদিন ধরে সন্দেশখালিতে মহিলাদের উপরে নির্যাতনের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, তৃণমূল নেতা শেখ শাহজাহানের সঙ্গী শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের ইন্ধনে দীর্ঘদিন ধরে নির্যাতন চলত সন্দেশখালিতে। রাতবিরেতে ডেকে পাঠানো হতো মহিলাদের। সংবাদমাধ্যমে উঠে এসেছে আরও নানান নিন্দনীয় ঘটনা।
গত ৫ জানুয়ারি থেকে শিরোনামে উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালি। সেখানকার দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানকে খুঁজতে গিয়ে হামলার মুখে পড়ে ইডির আধিকারিকরা। তারপর থেকে এখনও বেপাত্তা শেখ শাহজাহান। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শাহজাহান ঘনিষ্ট শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে গ্রামাবাসীরা। অশান্তির আগুন এখন যেন দাবানলে পরিণত হয়েছে।
এরই মধ্যে গত ৯ ফেব্রুয়ারি থেকে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। দীর্ঘদিন ধরে হয়ে চলা অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনে সামিল হন মহিলারা। ওইদিন রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকশো মহিলা। সন্দেশখালি থানা ঘেরাও করেন তাঁরা। অবশেষে সন্দেশখালি ‘ত্রিভুজের’ দুই অভিযুক্ত ধরা পড়ে গেলেও এখনও অধরা শাহজাহান।