দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হৃদয় ক্রোধে পরিপূর্ণ। তিনি মহাত্মা গান্ধীর আদর্শ বুঝতেই পারবেন না। বৃহস্পতিবার গান্ধীজির মৃত্যুদিবসে প্রধানমন্ত্রী সম্পর্কে এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেসের সাংসদ রাহুল এদিন কেরলের ওয়ানাড়ে নিজের কেন্দ্রে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ‘সংবিধান বাঁচাও’ পদযাত্রা করেন। পরে তিনি বলেন, নাথুরাম গডসের আদর্শে বিশ্বাসী মোদী। কিন্তু তাঁর সেকথা স্বীকার করার সাহস নেই।
মোদীর কড়া সমালোচনা করে রাহুল বলেন, তিনি ভারতীয়দের প্রমাণ করতে বাধ্য করছেন যে, তারা ভারতীয়। তাঁর হৃদয় ক্রোধে পরিপূর্ণ। গান্ধীজি বলেছিলেন, প্রত্যেকে তার নিজের বিশ্বাস নিয়ে চলবে। কিন্তু সেকথা বোঝার সাধ্য মোদীর নেই।
রাহুলের কথায়, “এক মূর্খ ব্যক্তি, যিনি কোনও খবর রাখেন না, তিনি গান্ধীজিকে চ্যালেঞ্জ করছেন। তাঁর এত রাগ যে তিনি জানেনই না যে, ভারতের আসল শক্তি কোথায়। গডসে যে মতাদর্শে বিশ্বাস করতেন, তিনিও তাই করেন। তাঁদের মধ্যে কোনও পার্থক্য নেই। কিন্তু মোদীর স্বীকার করার সাহস নেই যে, তিনি গডসের অনুগামী।”
পরে রাহুল প্রশ্ন তোলেন, “নরেন্দ্র মোদী কে যে, তাঁর কাছে আমাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? আমাদের ভারতীয়ত্বের প্রমাণ চাওয়ার লাইসেন্স মোদীকে কে দিয়েছে? আমি জানি যে আমি ভারতীয়। সেকথা কারও কাছে প্রমাণ করার দরকার নেই। দেশের ১৪০ কোটি মানুষের প্রমাণ দেওয়ার দরকার নেই যে তারা ভারতীয়।”
মহাত্মা গান্ধীর ৭২ তম প্রয়াণ দিবস উপলক্ষে তিনি বলেন, “এই দিনেই দেশের শ্রেষ্ঠ সন্তানকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এমন একজন তাঁকে আমাদের হাত থেকে কেড়ে নিয়েছিল, যাকে গ্রাস করেছিল ঘৃণা। নাথুরাম গডসে একাধিকবার গান্ধীকে হত্যা করার চেষ্টা চালিয়েছিল। শেষ পর্যন্ত সে সফল হয়।” পরে গডসে সম্পর্কে তিনি বলেন, “গান্ধী ছিলেন সত্যের অনুসন্ধানী। তাই গডসে তাঁকে ঘৃণা করত।”